প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:২৫
ছবি : সংগৃহীত
‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান এবং আগামী তিন বছরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভায় কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ অংশগ্রহণ করেন।
সভায় শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ সময় সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা এবং কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও মানদণ্ড বিবেচনায় একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জকে নিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিকে প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস.কম
জাতীয় থেকে আরো পড়ুন