প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:১৮
সংগৃহীত ছবি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির কালবেলাকে জানান, দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের ওই মা চার সন্তানের জন্ম দিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে মায়ের নাম প্রকাশ করা হয়নি।
হাসপাতাল পরিচালক বলেন, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। চার নবজাতকের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
মায়ের নাম প্রকাশ না করার বিষয়ে জানতে চাইলে পরিচালক বলেন, নাম প্রকাশ না করার বিশেষ কোনো কারণ তিনি দেখছেন না। একসময় বিষয়টি সবাই জানতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, চার নবজাতক সুস্থভাবে বেড়ে উঠবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।
একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনায় পরিবারটির মধ্যে আনন্দের পাশাপাশি দিনাজপুরবাসীর মধ্যেও কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নবজাতকদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্থানীয়রা।
সূত্র: কালবেলা .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন