হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৩১

সংগৃহীত ছবি 

আগামী বছরের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। 

 

দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণের পর স্বাস্থ্য সনদ নিতে হবে।

 

 

সোমবার (২৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে।

 

 

এ পরীক্ষাগুলো দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত (ক) শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে সম্পন্ন করা যাবে।

 

এছাড়া হজযাত্রীদের মধ্যে যাদের দুরারোগ্য বা গুরুতর রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।

 

 

লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।

 

 

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট ও প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করতে হবে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

 

 

হজসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার