লাখো মানুষের নাগালে এ'ই'চ'আ'ই'ভি প্রতিরোধী টিকা, নতুন আশার আলো

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৩২

সংগৃহীত ছবি 

এইচআইভি সংক্রমণ প্রতিরোধে যুগান্তকারী ওষুধ লেনাক্যাপাভিরের সাশ্রয়ী জেনেরিক সংস্করণ পাচ্ছে আফ্রিকার দেশগুলো। প্রথম চালান জাম্বিয়ায় পৌঁছানোর পর এবার উগান্ডায় ওষুধটির সরবরাহ শুরু হতে যাচ্ছে। বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 


গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, লেনাক্যাপাভিরের প্রথম বৈশ্বিক চালান বুধবার জাম্বিয়ায় পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে উগান্ডায়ও এর সরবরাহ শুরু হবে। জনপ্রতি বছরে মাত্র ৪০ ডলার খরচে ওষুধটি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। ফলে এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশের লাখো মানুষের জন্য প্রতিরোধমূলক চিকিৎসাটি আরও সহজলভ্য হবে।

 


মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেসের তৈরি মূল ওষুধটির বার্ষিক মূল্য যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ হাজার ডলার। এত বেশি দামের কারণে উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের পক্ষেই এটি ব্যবহার করা কঠিন ছিল। তবে জেনেরিক সংস্করণ বাজারে আসায় সেই পরিস্থিতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

 

 

লেনাক্যাপাভির এইচআইভি ভাইরাসের সুরক্ষামূলক প্রোটিন আবরণকে লক্ষ্য করে কাজ করে। এর ফলে ভাইরাসটির বংশবিস্তার ও সংক্রমণের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। ওষুধটি বছরে দুইবার ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা যায়।

 


২০২৪ সালে উগান্ডা ও দক্ষিণ আফ্রিকায় পাঁচ হাজারের বেশি কিশোরী ও তরুণীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, লেনাক্যাপাভির গ্রহণকারীদের মধ্যে কেউই এইচআইভিতে আক্রান্ত হননি। গবেষণার এই ফলাফল ওষুধটিকে এইচআইভি প্রতিরোধে অত্যন্ত কার্যকর একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এইচআইভি প্রতিরোধী বড়ি বা প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস (প্র্যাপ) গ্রহণের তুলনায় বছরে দুইবার ইনজেকশন নেওয়া অনেক বেশি সুবিধাজনক। এতে নিয়মিত ওষুধ খাওয়ার ঝামেলা কমে এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে চিকিৎসা গ্রহণে যে বাধা তৈরি হয়, সেটিও কমতে পারে।

 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২৫ সালের জুলাইয়ে এইচআইভি প্রতিরোধে লেনাক্যাপাভির ব্যবহারের সুপারিশ করে।

 


গ্লোবাল ফান্ড এই ওষুধের সাশ্রয়ী সংস্করণের সরবরাহকে এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ লেনাক্যাপাভিরের প্রথম ডোজ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষ নাগাদ ২৪টি দেশে ওষুধটির সরবরাহ পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। ২০২৮ সালের শেষ নাগাদ মার্কিন সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অন্তত ৩০ লাখ মানুষের কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ওষুধটি সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

 


আফ্রিকার জন্য এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের প্রায় দুই-তৃতীয়াংশই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। এ অঞ্চলে কিশোরী ও তরুণীরা তুলনামূলকভাবে বেশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। বিশ্বের সর্বোচ্চ এইচআইভি আক্রান্ত মানুষের বসবাস দক্ষিণ আফ্রিকায়, যেখানে প্রায় ৮০ লাখ মানুষ এই ভাইরাস নিয়ে জীবনযাপন করছেন। সাশ্রয়ী লেনাক্যাপাভির সরবরাহের আওতায় দেশটিও রয়েছে।

 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন। একই সময়ে এইচআইভিসংশ্লিষ্ট রোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ।

 


এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বৈদেশিক সহায়তা কমানোর কারণে আফ্রিকায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের দীর্ঘদিনের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মহাদেশটির অনেক দেশই এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ও তহবিলের ওপর নির্ভরশীল।

 


এমন পরিস্থিতিতে সাশ্রয়ী লেনাক্যাপাভিরের সরবরাহ এইচআইভি প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জাতিসংঘের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে অবসান ঘটানো। বিশেষজ্ঞদের আশা, কার্যকর ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ওষুধের বিস্তার সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার