প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৩২
সংগৃহীত ছবি
রাজধানীর বাজারে চালের বাড়তি দাম এখনো কমেনি। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে প্রতি কেজিতে আগের তুলনায় এক থেকে চার টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রায় তিন সপ্তাহ আগে দাম বাড়লেও এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব চাল। তবে মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত ১৫ দিনে পণ্য দুটির দাম কমেছে।
অন্যদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় ঢ্যাঁড়স, বরবটি, করলা ও চিচিঙ্গার মতো গ্রীষ্মকালীন সবজির দাম বেড়েছে। নতুন আলু বাজারে এলেও চড়া দামেই বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা, খিলখেত বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট ও নাজিরশাইল চালের দাম আগের বাড়তি অবস্থানেই রয়েছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মান ভেদে ৭৫ টাকা থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিছু মিনিকেট চালের দাম।
চালের বাড়তি দামের মধ্যে মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগেও এ মুরগির দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা।
এ ছাড়া সোনালি মুরগি কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে সোনালি মুরগির দাম ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। অর্থাৎ এ সময়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে।
ফার্মের মুরগির ডিমের দামও ডজনে ১০ টাকা কমেছে। গতকাল বাদামি রঙের এক ডজন ডিম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীদের ভাষ্য, শীতের মৌসুমে মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে যায়। পাশাপাশি উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে পণ্য দুটির দাম কমেছে। তবে গরুর মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও ডিমের দাম কমলেও মাছের বাজারে ক্রেতাদের স্বস্তি ফেরেনি। বরং কিছু মাছের দাম বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ এবং কাতলার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গতকাল বাজারে দুই থেকে চার কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পাবদা মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা এবং তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কয়েক ধরনের সবজির সরবরাহ কমে দাম বাড়লেও এক-দুই দিনের মধ্যে তা আবার কমে আসে।
গতকাল প্রতি পিস ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি দেশি টমেটো ১০০ থেকে ১২০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মৌসুম শেষ হওয়ায় গ্রীষ্মকালীন সবজির দাম এখনো বেশি। প্রতি কেজি ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। গতকাল প্রতি কেজি নতুন আলু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া শসা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং পেঁয়াজপাতা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সূত্র: কালবেলা .কম
এসএ
জাতীয় থেকে আরো পড়ুন