একসঙ্গে ৩ যমজ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৩:১৪

কিশোরগঞ্জ

সংগৃহীত ছবি 

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন যমজ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া বর্মণ (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

 

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ২টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান তিনটির জন্ম হয়।

 

 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়া বর্মণ ভৈরব পৌরশহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার গ্রিসপ্রবাসী বিজয় বর্মণের স্ত্রী। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এটি এই দম্পতির প্রথম সন্তান।

 

 

বিয়ের পর থেকেই ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন প্রিয়া বর্মণ। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসায় তিনি গর্ভধারণ করেন। গর্ভাবস্থার দুই মাসের মাথায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন, গর্ভে তিন সন্তান রয়েছে।

 

 

বৃহস্পতিবার দুপুরে প্রসবব্যথা নিয়ে প্রিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রাত ২টার দিকে ডা. ইসরাত জাহানের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। পরে একে একে তিন নবজাতককে নিরাপদে প্রসব করানো হয়।

 

 

হাসপাতালের চেয়ারম্যান ডা. এজেডএম ফরহাদ জানান, নির্ধারিত সময়ের কিছুটা আগে, অর্থাৎ প্রায় সাড়ে সাত মাসের গর্ভাবস্থায় জটিলতা ও প্রসবব্যথা নিয়ে প্রিয়া বর্মণকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন সন্তানকে নিরাপদে প্রসব করানো হয়।

 

 

তিনি আরও জানান, এই হাসপাতালে এ নিয়ে পঞ্চমবারের মতো একসঙ্গে তিন সন্তান সফলভাবে প্রসব করানো হলো।

 

সিনিয়র স্টাফ নার্স জিবা আক্তার জানান, জন্মের সময় নবজাতকদের ওজন কিছুটা কম থাকায় তাদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা এনআইসিইউতে (NICU) রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।

 

একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

নবজাতকদের ফুফু রূপা বর্মণ জানান, গর্ভাবস্থার দুই মাস বয়স থেকেই তারা জানতে পারেন, প্রিয়ার গর্ভে তিন সন্তান রয়েছে। এরপর থেকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তিন নতুন অতিথির আগমনে সন্তোষ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষের সেবার প্রশংসা করেন তিনি।

 

 

সন্তান জন্মের পর প্রিয়া বর্মণ বলেন, দুই বছর অপেক্ষার পর একসঙ্গে তিন সন্তান পেয়েছেন তিনি। তাদের ভালোভাবে মানুষ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার