বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য করিডর ও রপ্তানি বহুমুখীকরণে গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩১

সংগৃহীত ছবি 

বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে সম্ভাবনা ও করণীয় নিয়ে ঢাকায় উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও যুক্তরাজ্যের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

 

 

বৈঠকে বাংলাদেশের ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা, সি-ফুড, ফুটওয়্যারসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ হাইকমিশন ঢাকা ও ইউকেইএফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

 

আলোচনায় বাংলাদেশের বাজারে বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জের পাশাপাশি বাণিজ্য অর্থায়ন ও এক্সপোর্ট ক্রেডিট কীভাবে দেশের ব্যবসা ও রপ্তানি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে, তা নিয়ে মতবিনিময় করা হয়।

 

 

গোলটেবিল বৈঠকে ইউকেইএফ সমর্থিত অর্থায়নের বাস্তব প্রয়োগ, এক্সপোর্ট ক্রেডিট সুবিধার কাঠামো এবং সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। এসব প্রকল্প যেন বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার- বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, টেকসই উন্নয়ন ও শিল্প খাতের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড দীর্ঘ ১২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার। দেশ যখন উন্নয়নের নতুন ধাপে অগ্রসর হচ্ছে, তখন যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ।”

 

 

তিনি বলেন, “আজকের গোলটেবিল বৈঠকের মাধ্যমে আমরা আবারও আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি বাংলাদেশকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের যুক্তরাজ্যভিত্তিক দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আসতে পারব।”

 

 

বৈঠকে আলোচনায় উঠে আসে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ ধরনের গোলটেবিল বৈঠকের মাধ্যমে ইউকেইএফের প্রতিনিধিরা সরকার ও ব্যবসায়িক নেতাদের কাছ থেকে বাংলাদেশের প্রয়োজন ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাজ্যের দক্ষতা, প্রযুক্তি ও অর্থায়ন দেশের কোন কোন খাতে উদ্ভাবন, প্রবৃদ্ধি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা হচ্ছে।

 

 

বাংলাদেশের বাজারে দীর্ঘদিনের উপস্থিতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইউকেইএফের অন্যতম প্রধান অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। ব্যাংকটি বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সরবরাহকারী, প্রযুক্তি ও মূলধনের সংযোগ ঘটাতে কাজ করবে।

 

 

এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, যুক্তরাজ্যের মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রমের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

 

 

বাংলাদেশের দীর্ঘমেয়াদি অগ্রগতির অংশীদার হিসেবে ১২০ বছরেরও বেশি সময় ধরে দেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশে ভূমিকা রেখে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ইউকেইএফের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, রপ্তানি ও সরবরাহ শৃঙ্খলের বহুমুখীকরণ এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার