মুডির রেটিং ও সরকারের বহুমুখী পদক্ষেপ অর্থনৈতিক গতি ফেরাবে : মাহ্দী আমিন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬

সংগৃহীত ছবি 

আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ‘মুডিস’-এর সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির (আউটলুক) উন্নতি দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

 

 

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের গত সাত মাসের মেয়াদ ও সমসাময়িক নানা ইস্যুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

মাহ্দী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন- এই সাতটি খাতকে প্রাধান্য দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তাৎক্ষণিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

 

 

তরুণ উদ্যোক্তা তৈরিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার একটি বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে।

 

 

এর মাধ্যমে দেশজুড়ে উপজেলা পর্যায় থেকে খুঁজে বের করে প্রতিবছর প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা দেওয়া হবে। এছাড়া প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু করা হচ্ছে এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে।

 

 

তরুণ উদ্ভাবকদের সরাসরি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজন করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ মেলায় অংশ নেওয়া তরুণ উদ্যোক্তাদের সরাসরি দিকনির্দেশনা ও উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

 

সাইবার নিরাপত্তার বিষয়ে মুখপাত্র জানান, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পাশাপাশি দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদনে গতি আনতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজ চলছে। এসব উদ্যোগ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং প্রবৃদ্ধির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টারই অংশ।

 

 

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। 

 

 

জনগণের ওপর আর্থিক চাপ কম রাখতে এবং গ্যাসের প্রবাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। 

 

গতকাল থেকে গ্যাসের সরবরাহে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের মূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ ভর্তুকি অব্যাহত রেখেছে।

 

 

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, গত মঙ্গলবার মুডিস বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে বদলে ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করেছে। যদিও দেশটির দীর্ঘমেয়াদি ইস্যুয়ার এবং সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’-তেই বহাল রাখা হয়েছে, তবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচিত সরকারের পলিসির ধারাবাহিকতা, সুশাসন এবং উন্নত অর্থনৈতিক পরিবেশেরই বহিঃপ্রকাশ। এর ফলে দেশে কেবল বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নারী ও তরুণদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

 

সরকারের সংস্কার ও জনকল্যাণমূলক কাজের প্রধান সাতটি ক্ষেত্র উল্লেখ করে তিনি জানান, এগুলো হলো- তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন; মানুষের শারীরিক কল্যাণ ও জীবনমানের উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু-সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।

 

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনও বক্তব্য দেন।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার