প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩২
সংগৃহীত ছবি
দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লেও অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত থাকছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।
সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।
ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা করা হলো।
এ ছাড়া বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সূত্র: যুগান্তর .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন