প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১
সংগৃহীত ছবি
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। এ সংগীতশিল্পী সামাজিক মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানেই তিনি তার বাবার মৃত্যুর সংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌসুমী আক্তার সালমা লিখেছেন— ‘আমার আব্বা আর নেই।’
এ সংগীতশিল্পীর বাবা ফজলুল হকের আকস্মিক বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ সংগীতশিল্পী বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া এ গানটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশ্যে আসার কথা।
এ ছাড়া আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে গায়িকা সালমার। এ গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল। এর পাশাপাশি সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন