প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১২:৩৭
সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ছবি সুখবর
কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। নির্বিঘ্নে পূজা মন্ডপে আসেন, পূজা উদযাপন করার আহবান জানিয়েছেন সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সুনামগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি সুনামগঞ্জের দূর্গাবাড়ি, রামকৃষ্ণ আশ্রম, কালীবাড়ি, পূর্ব নতুনপাড়া সহ জেলার কয়েকটি উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে ডিআইজি বলেন, গত দুই-তিন দিনে তিনি সিলেট রেঞ্জের মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের অনেক মণ্ডপ পরিদর্শন করেছেন। সার্বিক পরিস্থিতি সব জায়গাতেই খুব ভালো দেখেছেন বলে জানান তিনি।
তিনি বলোন, সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে মণ্ডপে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।
তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। রাজনৈতিক নেতৃবৃন্দও কমিউনিটির সবাইকে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং মণ্ডপে আসতে উৎসাহ দিচ্ছেন। প্রতিটি জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, আপনারা পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে আসুন, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। এটি বছরের সবচেয়ে বড় পূজা। আমরা আপনাদের সঙ্গে আছি, প্রশাসন আছে। পুলিশ প্রশাসন ও সিলেট রেঞ্জের সব পুলিশ সদস্যের পক্ষ থেকে তিনি শারদীয় শুভেচ্ছাও জানান।
সাংবাদিকদের মাধ্যমে তিনি অন্য মণ্ডপের আয়োজকদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
নবমী ও দশমীর নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার মতো কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে কারও কাছে আগাম কোনো তথ্য থাকলে কমিউনিটির সদস্য ও সাংবাদিকদের তা শেয়ার করার অনুরোধ জানান তিনি। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
পরিদর্শনে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন সেখসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন