প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৮:০০
ছবি -সু.খবর
সুনামগঞ্জ জেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপজেলার বিভিন্ন দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার মহাঅষ্টমীর দিন সুনামগঞ্জ থেকে জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বিশ্বম্ভরপুরে আসেন। এরপর উপজেলা পরিষদের নেতাদের সঙ্গে মিলে তাঁরা বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির ঘুরে দেখেন।
নেতারা জানান, এবার উপজেলার প্রতিটি মন্দিরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদসহ সব মহলের আন্তরিক সমন্বয়ে এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তাঁরা আশা প্রকাশ করেন, বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত পূজা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। এ সময় নেতারা বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
সুনামগঞ্জ থেকে আসা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও অমর চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায়, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক এবং কার্যকরী সদস্য সুদীপ দে, বিভা রায়, অজান্তা সরকার, মুনমুন পাল বৃন্দা, প্রতিমা রানী দাশ ও কাজল চন্দ। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলাবিষয়ক সম্পাদক শিলা বসুও ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার বর্মন, সহসভাপতি শচীন্দ্র পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক রামেন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক শান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক চয়ন দাশ এবং সদস্য শ্যামা বর্মন ও গোবিন্দ বিশ্বাসসহ অন্যরা।
এর আগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিজিৎ মৌত্রের নেতৃত্বে পরিষদের সদস্যরা হাওর-নদীনালা-বেষ্টিত ফতেপুর ইউনিয়নসহ উপজেলার ২৬টি মন্দির পরিদর্শন করেন। তাঁরা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। পরিষদ প্রতিটি মন্দির কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
গত রোববার সপ্তমীর দিন পরিদর্শনকালে ফতেপুর পূজামন্দির ও আরও কয়েকটি মন্দিরে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সাথে পরিদর্শন কালে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন