প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৫
সংগৃহীত ছবি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, ধর্মীয় চর্চা করতে এদেশে আর কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।
বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পূজা পালনে কচুয়াতে বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে। আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার্স ইনচার্জ আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র:বাসস.কম
জাতীয় থেকে আরো পড়ুন