জ্বলে উঠলেন না মেসি, নিউইয়র্ক বুলসের কাছে মায়ামির হার

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১০:৫৭

সংগৃহীত ছবি

নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরে ইন্টার মায়ামির টানা তিন ম্যাচের জয়রথ থেমেছে। শনিবার (২৪ অক্টোবর) রেড বুলস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি মাঠে নামলেও শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি ‘দ্য হেরন’রা।

 

 

নিউজার্সির হ্যারিসনে সফরকারীদের শুরুটাই হয়েছিল এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে। ম্যাচের বয়স তখন মাত্র সাত মিনিট, প্রতিপক্ষের এক বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। অভিজ্ঞ এই তারকার আত্মঘাতী গোলটিই যেন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের দলের পুরো রাতের চিত্রনাট্য লিখে দেয়।

 

 

৬২.৫ শতাংশ সময় বল দখলে রাখলেও তা থেকে পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খেয়েছে মায়ামি। বিপরীতে স্বাগতিক নিউইয়র্ক ১৮টি শট নিয়ে প্রতিপক্ষকে তটস্থ করে রাখে। ইস্ট কোস্টে আসার আগে দুর্দান্ত ফর্মে থাকা মায়ামির জন্য এই হার নিঃসন্দেহে বড় এক ধাক্কা।

 


পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের অভাবে ভুগতে দেখেছেন গঞ্জালেস। পুরো ৯০ মিনিটে মায়ামি মাত্র দুটি শট অন-টার্গেটে রাখতে সক্ষম হয়, যা তাদের চেনা ছন্দ ও নিখুঁত আক্রমণের বড্ড বিপরীত চিত্র।

 

 

আন্তর্জাতিক ব্যস্ততা ও দীর্ঘ ভ্রমণের ধকল কাটাতে এ ম্যাচে মেসিকে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখা হয়। স্পেনের ওভিএদোতে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সম্প্রতি স্পেন সফর করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। দীর্ঘ ভ্রমণের কারণে তার ক্লান্তি বিবেচনাতেই খেলার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেন কোচ। চলতি মৌসুমে ২৫ গোল নিয়ে লিগের সর্বোচ্চ সংগ্রাহক মেসিকে ফিফটি-ফিসফটি হিসেবে ৫৬তম মিনিটে মাঠে নামানো হয়, এই আশায় যে আটবারের ব্যালন ডি'অর বিজয়ী হয়তো আবারও তার চিরাচরিত কেরামতি দেখিয়ে পয়েন্ট ছিনিয়ে আনবেন।

 

 

মাঠে নেমেই খেলার গতি বদলে দেন মেসি। নিজের ট্রেডমার্ক ভিশন দিয়ে ডিফেন্স-চেরা পাস বাড়ান তিনি, যা থেকে মায়ামির সেরা সুযোগগুলো তৈরি হলেও তা গোলে রূপ দিতে ব্যর্থ হন সতীর্থরা। এই ম্যাচের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে মেসি গোল বা অ্যাসিস্ট করার যে অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, তার ইতি ঘটল।

 

 

ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সমতায় ফিরতে অলআউট আক্রমণে ঝাঁপায় ইন্টার মায়ামি। মেসির পাস থেকে বদলি খেলোয়াড় তেলাসকো সেগোভিয়ার নেওয়া শট ক্রসবারে লাগলে গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় তাদের। সেটিই ছিল মায়ামির শেষ আশার আলো, এরপরই সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেয় নিউ ইয়র্ক।

 

 

এই পরাজয়ের পর ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তারা শীর্ষ স্থানে থাকা নাশভিলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে, যারা দিনের শুরুতেই ‘সাপোর্টার্স শিল্ড’ নিশ্চিত করেছে। অন্যদিকে নিয়মিত মৌসুমের মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতে এই জয়ে প্লে-অফ পজিশনে উঠে এসেছে নিউইয়র্ক। নিয়মিত মৌসুমের অন্তিম মুহূর্ত ও প্লে-অফ সিডিং সামনে রেখে, আগামী মিডউইকে এফসি সিনসিনাটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে গঞ্জালেসের শিষ্যরা।

সূত্র:কালবেলা .কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার