বার্সা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৫:২২

লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময় কেটেছে বার্সেলোনায়।

লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময় কেটেছে বার্সেলোনায়। মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে ফিরে সেই সময়ের কথা মনে করলেন আর্জেন্টাইন জাদুকর। বার্সাকে জীবনের অবিচ্ছেদ্য অংশও বললেন। আর এ পুরস্কার মেসির কাছেও স্পেশাল। কারণ তাঁর পিতা প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিয়ে ভীষণ রোমাঞ্চিত ছিলেন।

 

হাজারো ভক্তের উল্লাস ও ভালোবাসায় স্ত্রী আন্তোনেলা রোকুজ্জুকে নিয়ে গত বৃহস্পতিবার স্পেনের ওভিয়েদো পৌঁছান মেসি। ক্যারিয়ারের অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট পাবেন মেসি। আটটি ক্যাটেগরিতে অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকে ১৯৮১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ওভিয়েদোর হোটেল দে লা রেকনকিস্তায় উঠে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে এক সাক্ষাৎকার দেন মেসি। সেখানে এ পুরস্কার, বার্সেলোনায় থাকতে নিজের ক্যারিয়ার ও জীবন নিয়ে কথা বলেন ৩৯ বছর বয়সী এ মহাতারকা। প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কারের গভীর তাৎপর্য রয়েছে মেসির কাছে। 

 

গত আগস্টে তাঁর বাবা হোর্হে মেসি মারা যাওয়ার আগে এই পুরস্কার নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন বলে জানান মেসি। ব্যস্ত মৌসুমের মধ্যেও ছেলেকে ওভিয়েদো যাওয়ার তাগাদা দিয়েছিলেন হোর্হে। পিতার সেই স্মৃতি স্মরণ করে মেসি বলেন, ‘আমি খুব খুশি। আমার বাবা এই পুরস্কার নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন। ম্যাচ থাকায় এখানে আসা কঠিন হবে, এটা আমরা জানতাম। কিন্তু এই পুরস্কার নিতে আমি যেন এখানে আসি, সেজন্য তিনি খুব জোর করেছিলেন। পুরো ক্যারিয়ারে আমি যা করেছি, এটি তাঁর চেয়ে বেশি কিছু। এই স্বীকৃতিতে তিনি ভীষণ খুশি হয়েছিলেন, তাই আমি নিশ্চিত যে তিনিও এটি উপভোগ করছেন।’

 

 

বাবার সঙ্গে মেসির সম্পর্কটা ছিল ভীষণ আবেগের। একই কথা বলা যায় বার্সেলোনার বেলাতেও। এই ক্লাবও তাঁর আরেকটি আবেগ ও অবিচ্ছেদ্য অংশ। ২০০০ সালে এই ক্লাবে যোগ দেওয়ার পর ২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটে নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। তবে বার্সায় কাটানো সময়টা যে তাঁর কাছে সবচেয়ে উপভোগ্য ছিল, সেটা নির্দ্বিধায় বলেন তিনি, ‘আমরা ভাগ্যবান ছিলাম যে, সবকিছু জিতেছিলাম। যেভাবে আমরা খেলেছি, জয় উপভোগ করেছি এবং গুরুত্বপূর্ণ সবকিছু অর্জন করেছি, তা ছিল দারুণ।’ যে ক্লাবে খেলে বিশ্বের অন্যতম সেরা হয়েছেন, সে বার্সা মেসির জীবনে ঠিক কতখানি? এর জবাবে তিনি বলেন, ‘অল্প কথায় বলা কঠিন, আমার জীবনের ক্লাব।’
সূত্র:সমকাল.কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার