প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:১৪
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম কমে যায়। সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এ প্রভাব পড়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ১০১ ডলার ৭৪ সেন্ট হয়েছে।
এ দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, শান্তি আলোচনার সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে সংঘাত আরও বাড়লে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে, যা বিশ্ববাজারে তেলের দামকে আবারও প্রভাবিত করতে পারে।
সূত্র: যুগান্তর .কম
এমডি
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন