প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫৮
সংগৃহীত ছবি
মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল-নাসরকে জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন এই পর্তুগিজ তারকা। হ্যাট্রিকের পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে আল-নাসর। শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের বিরতিতে ২-২ সমতায় ছিল রোনালদোর দল। কিন্তু দ্বিতীয়ার্ধে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক।
রোনালদোর তিন গোলের আগে অবশ্য ম্যাচটা মোটেও সহজ ছিল না আল-নাসরের জন্য। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। তবে আট মিনিট পরই সমতায় ফেরে আল-নাসর। জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
৩৮ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোয়ান এসোম্বার গোলে আবারও সমতায় ফেরে আল খুলুদ।
দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনালদোর গোলের উৎসব। ৬৬ মিনিটে ফেলিক্সের বাড়ানো বলে গোল করে আল-নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ৬ মিনিট পর আবারও ফেলিক্সের পাস, এবার হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-২ করেন সদ্যই ব্যালন ডি’অর অব অলটাইম অ্যাওয়ার্ড জেতা এই তারকা। ৮১ মিনিটে আসে তৃতীয় গোলটি। সাদিও মানের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।
মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আল-নাসর। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল খুলুদের হয়ে আরও একটি গোল করেন দোমিঙ্গেস। তবে তাতে আল-নাসরের ৫-৩ ব্যবধানের জয় আটকায়নি।
এই হ্যাটট্রিক নিয়ে ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৭ বার এক ম্যাচে অন্তত তিন গোল করলেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের জার্সিতে ১০টি, আল-নাসরের হয়ে সাতটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের হয়ে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে তার।
প্রকাশিত হিসাব অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল এখন ৯৮৫টি, লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬টি।
সূত্র: কালবেলা .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন