প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২০:৩৬
সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।
রবিবার (১ নভেম্বর) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর মামলাটির বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।
এর আগে একই ঘটনায় দায়ের করা মামলার দণ্ডবিধির ধারার অংশে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। ফলে সর্বশেষ বিস্ফোরক আইনের মামলায় রায়ের মধ্য দিয়ে এ ঘটনায় দায়ের করা দুই মামলাতেই সব আসামি খালাস পেলেন। খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা প্রমুখ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ এনে পুলিশ মামলাটি দায়ের করে। জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দেওয়া হয়।
মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেব দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান করোনাকালে ২০২০ সালের ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেট থেকে আরো পড়ুন