‘সময়ের সঙ্গে দক্ষতা বাড়াতে হবে, নীতি থেকে সরা যাবে না’

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:১৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই লাখ অনুসারীর মাইলফলক অতিক্রম করেছে দৈনিক সুনামগঞ্জের খবর। চলতি বছরের প্রথম ১০ মাসে সংবাদমাধ্যমটির বিভিন্ন কনটেন্টে ভিউ হয়েছে প্রায় ১৪ কোটি ৭৮ লাখ। এই অর্জনের পেছনে পাঠকের আস্থা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় এসব কথা বলেছেন দৈনিক সুনামগঞ্জের খবর এর— প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে। সঞ্চালনায়  সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ফেসবুকে দুই লাখ অনুসারীর মাইলফলক অতিক্রম করেছে দৈনিক সুনামগঞ্জের খবর। প্রতিষ্ঠাতা হিসেবে এই অর্জনকে কীভাবে দেখছেন? পাঠকের ভালোবাসার প্রতিদান কীভাবে দিতে চান?
পঙ্কজ কান্তি দে: প্রায় ১৬ বছর ধরে আমরা দৈনিক সুনামগঞ্জের খবর নিয়ে কাজ করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মানুষকে সত্য সংবাদ দেওয়া। সংবাদ অতিরঞ্জিত করা, কাউকে ইচ্ছাকৃতভাবে ওপরে তোলা বা নিচে নামানো থেকে বিরত থাকার চেষ্টা করেছি। আমার মনে হয়, এই চেষ্টার কারণেই সুনামগঞ্জের বাইরে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে থাকা মানুষ আমাদের সংবাদমাধ্যমের প্রতি আস্থা রেখেছেন। তাঁরা মনে করেন, আমাদের সংবাদ পড়লে ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা কম। এই আস্থা ও ভালোবাসাই আমাদের বড় অর্জন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ অর্জনের জন্য অনেক সময় আংশিক সত্য বা অসত্য তথ্য প্রচার করা হয়। এ পরিস্থিতিতে অপসাংবাদিকতার সঙ্গে কীভাবে মোকাবিলা করছেন?
পঙ্কজ কান্তি দে: এখন জাতীয় পর্যায়ের বড় গণমাধ্যমগুলোকেও ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। যারা ফেসবুককে পুঁজি করে উপার্জন করতে চায়, তাদের অনেকের কাছে সংবাদের সত্যতা গুরুত্বপূর্ণ নয়; ভিউ হলেই যেন যথেষ্ট। কিন্তু একটি গণমাধ্যমের নিজস্ব দায়বদ্ধতা থাকতে হয়। শুধু ভিউ পাওয়ার জন্য কোনো সংবাদ প্রকাশ করা যায় না। সংবাদের বাস্তব ভিত্তি থাকতে হবে এবং তা মানুষের কাজে আসে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। আমরা পাঠক ও দর্শকসংখ্যা বাড়ানোর পাশাপাশি মানুষের আস্থা ধরে রাখার চেষ্টা করছি। শুধু ভিউ নয়, আমাদের প্রতি মানুষের বিশ্বাস বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: কোনো শিল্পপতি কিংবা ধনিক শ্রেণির পৃষ্ঠপোষকতা ছাড়াই মফস্বল শহর থেকে একটি দৈনিক পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। আপনিও একজন পূর্ণকালীন সাংবাদিক। এই পথচলাকে কীভাবে দেখছেন?
পঙ্কজ কান্তি দে: এটি অবশ্যই সুসাংবাদিকতার একটি অর্জন। অনেক বড় বাজেট নিয়ে বিভিন্ন গণমাধ্যম যাত্রা শুরু করলেও সবাই মানুষের আস্থা অর্জন করতে পারেনি। আমরা নিজেরা কাজ করেছি। শুরু থেকে আমাদের সঙ্গে কবি কুমার সৌরভ, উজ্জ্বল মেহেদী, খলিল রহমান, এনাম আহমদ, জাহাঙ্গীর আলম, মাহবুবুল হাছান শাহীনসহ অনেকে যুক্ত ছিলেন। দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল বার্তা সম্পাদক সজীব দে, সাইদুর রহমান আসাদ, সোহানুর রহমান, সাদিকুর রহমান চৌধুরী, মুশফিকুর রহমান স্বপন, জাকারিয়া আহমদ, তুর্য দাস, সুজয় দেব, মাধবী দাসসহ আরও অনেক সহকর্মী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। 


আমাদের বিশ্বাস ছিল, মফস্বল শহর থেকেও একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করা সম্ভব। সেই বিশ্বাস নিয়েই এগিয়েছি। এখন মফস্বলের একটি সংবাদমাধ্যমের সংবাদও জাতীয় গণমাধ্যমের চেয়ে বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারে। আমরা মনে করছি, দৈনিক সুনামগঞ্জের খবরের পাঠক ও দর্শকসংখ্যা একসময় মিলিয়ন ছাড়িয়ে যাবে। পাঠকের শক্তি ও মানুষের ভালোবাসাই আমাদের পথচলার মূল ভিত্তি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক সুনামগঞ্জের খবর। বিশেষ করে ২০২৪ সালের গণ—অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশে কোনো আপস করতে হয়েছে কি?
পঙ্কজ কান্তি দে: আমরা অনেক ঝুঁকি নিয়েছি। সমসাময়িক বিভিন্ন ঘটনায় এমন কিছু সংবাদ প্রকাশ করেছি, যা অনেকেই পাননি কিংবা প্রকাশ করতে পারেননি। কোনো প্রলোভন বা ভয়ের কারণে সংবাদ প্রকাশ থেকে পিছিয়ে এসেছি, এমনটি বলতে পারব না। তবে আমরা সব সংবাদ করতে পেরেছি, এমনটিও নয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলেও সামর্থ্যের সীমাবদ্ধতায় সম্ভব হয়নি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, তা করার চেষ্টা করেছি। সামনের দিনগুলোতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দৈনিক সুনামগঞ্জের খবরের ভবিষ্যৎ পরিকল্পনা কী? 
পঙ্কজ কান্তি দে: এআইয়ের যুগে টিকে থাকতে হলে নিজেদেরও প্রস্তুত করতে হবে। আমরা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছি। সহকর্মীদেরও বলছি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। তবে প্রযুক্তি যতই পরিবর্তিত হোক, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গা থেকে সরে আসা যাবে না। আমাদের যাত্রার শুরুতে প্রয়াত বজলুল মজিদ চৌধুরী খসরু, মইনুদ্দিন আহমেদ জালাল ও অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়সহ অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। উপদেষ্টা সম্পাদক অ্যাড. স্বপন কুমার দেব দেশের বাইরে থেকেও আমাদের সহযোগিতা করছেন। তাঁদের অবদান আমরা স্মরণ করি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার