তাহিরপুরে বাড়ছে হামের প্রকোপ, মারা গেছে ৩ শিশু

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:৪১

তাহিরপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বছরের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু।

 


পরিস্থিতি সামাল দিতে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট থাকায় রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরে এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি মাসেই নতুন করে ১৮ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় সাতজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। তারা হলো ১১ মাস বয়সী রাকসান মিয়া, চার মাস বয়সী হুমায়রা এবং দুই বছর তিন মাস বয়সী ফারিয়া আক্তার।

 


সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু ও বিভিন্ন বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। সেখানে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটও দেখা দিয়েছে।
এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ওষুধ, ক্যানোলা ও সিরিঞ্জসহ বিভিন্ন সামগ্রী বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ওষুধ ও ইনজেকশন না পাওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর দাদি আলেয়া বেগম বলেন, আমার নাতিকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। এ পর্যন্ত সরকারি কোনো ইনজেকশন বা ওষুধ পাইনি। সবকিছুই বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে।

 


হামে আক্রান্ত ১০ বছর বয়সী এক কিশোরীর মা রবিজা বেগম বলেন, আমার মেয়ের শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসক দেখতে এসে ইনজেকশন ও ওষুধের তালিকা লিখে দেন। সেগুলো বাইরে থেকে কিনে আনার পর হাসপাতালের কর্মীরা ইনজেকশন পুশ করে দেন।
আরেক শিশুর ভাই রকি মিয়া বলেন, আমার ভাই নয় দিন ধরে অসুস্থ। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইয়েছি। তাতে কাজ না হওয়ায় আজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা হাম হয়েছে বলে জানালে তাকে ভর্তি করি। কিন্তু হামের রোগী বেশি থাকায় এই ওয়ার্ডে কোনো শয্যা পাচ্ছি না। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুষার দাস বলেন, প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন। জুন মাস থেকে এ পর্যন্ত তুলনামূলকভাবে অনেক বেশি রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। আমরা তাদের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি ছড়ালেও যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি।

 

 


হাম প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, এ বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি। তাঁদের অধিকাংশই শিশু। রোগীদের চিকিৎসার জন্য আমরা পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। যেসব রোগীর শারীরিক অবস্থা গুরুতর এবং আইসিইউ সাপোর্ট প্রয়োজন, তাঁদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের হামের টিকা নিশ্চিত করা জরুরি। জ্বর, সর্দি—কাশি ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার