প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৩
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে সরাসরি তুলা আমদানি শুরু করছে বাংলাদেশ। এতে ব্যয় কমছে। বাংলাদেশ অভিমুখী জাহাজ থেকে কেনার সুবিধায় কারখানা পর্যন্ত তুলা পৌঁছাতে সময় লাগছে মাত্র ১০ দিন । এতে মার্কিন তুলায় তৈরি পণ্য রপ্তানিতেও লিড টাইম কমানোর সুযোগ তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড-এআরটির আওতায় মার্কিন তুলায় প্রস্তুত করা পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কছাড় সুবিধার যে কথা বলা হয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব।
‘আমারিবাংলা করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান সরাসরি যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে তুলা কিনে বাংলাদেশের বস্ত্র ও পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের কাছে সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার– দুই দেশই এতে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমারিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্কছাড়সহ অন্যান্য দেশে পোশাক রপ্তানিতে ব্যয় ও সময়সাশ্রয়ী হওয়ায় তুলা থেকে সুতা তৈরির কারখানা টেক্সটাইল মিল ও তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে এই প্রক্রিয়ায় ৮০ টন তুলা আমদানি করা হয়েছে। ৪৩২ টন তুলা আমদানি প্রক্রিয়ায় রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এর পরিমাণ ৩২ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে; যা দেশের মোট তুলার চাহিদার এক-তৃতীয়াংশ।
আমারিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রচলিত আমদানির পরিবর্তে সরাসরি সরবরাহ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে তাদের পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে প্রচলিত পদ্ধতিতে ৭ স্তরের মধ্যস্বত্বভোগী থাকে। এতে আমদানি ব্যয় বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কিনে সরবরাহের মাধ্যমে সেই ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছেন তারা। ২০২৪ সালের নভেম্বরে প্রথম চালান আসে বাংলাদেশে। দেশের বড় স্পিন মিল এনভয় টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইলসহ ৪টি টেক্সটাইল মিলে তুলা সরবরাহ করা হচ্ছে এখন। প্রায় ৫ থেকে ৬ সেন্ট কমে তুলা পাচ্ছেন তারা। প্রচলিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে সময় লাগে গড়ে ৮০ দিনের মতো। সরাসরি সরবরাহের মাধ্যমে ১০ দিনেই তুলা সরবরাহ করছেন তারা। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এ পরিমাণ তুলা সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
আসওয়ার রহমান জানান, যুক্তরাষ্ট্রে কৃষক নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি একসঙ্গে বেশি পরিমাণ তুলা সংগ্রহ ও জাহাজীকরণের পরিকল্পনা রয়েছে তাদের। আগামী দুই বছরে লজিস্টিকস ব্যয় ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়িয়ে আরও কম দামে তুলা সরবরাহ করতে চান তারা। এ জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনটেইনার হোল্ডিং ডিপো স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আনোয়ারা ফ্রি ট্রেড জোনে নিজস্ব ওয়্যারহাউস নির্মাণ করা হবে। এ প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার (ডিএফসি) অর্থায়ন নেওয়ার উদ্যোগ রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে তুলাছাড় করা প্রসঙ্গে তিনি বলেন, তুলার প্রকৃত উৎস নিশ্চিত করতে ‘অল আমেরিকান কটন’ নামে একটি সার্টিফিকেশন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক পরীক্ষাগারে আইসোটোপিক পরীক্ষার মাধ্যমে তুলার উৎস শনাক্ত করা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে উৎপাদন বাড়াতে তিনটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে সোর্সিং অংশীদারিত্ব তৈরির কাজও চলছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার দুটি ও ভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠান রয়েছে। আগামী দিনে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে পোশাক ও অন্যান্য পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে চায় আমেরিবাংলা।
তুলা আমদানিতে কৌশলগত মজুত গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন আসওয়ার রহমান। তাঁর মতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক হলেও দেশে সমন্বিত কোনো কৌশলগত তুলার মজুত নেই। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে সমন্বিতভাবে তুলা কেনা ও সংরক্ষণ করা গেলে স্পিনিং মিলগুলো কম দামে কাঁচামাল পাবে এবং সরবরাহের অনিশ্চয়তাও কমবে। অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কুতুব উদ্দিন মার্কিন উন্নত জাতের তুলা বীজ বাংলাদেশে সরবরাহ এবং কৃষকদের চাষাবাদ পদ্ধতি শেখাতে আমেরিবাংলার সহযোগিতা চান। দেশে তুলা চাষ বাড়াতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
সূত্র: সমকাল .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন