প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:৪৮
সংগৃহীত
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় বর্তমানে জমকালো আয়োজনে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম ‘মিস ইউনিভার্স’। এবারের আসরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।
আর জীবনের এই সবচেয়ে বড় ও ঐতিহাসিক মুহূর্তে প্রিয় বন্ধুকে সাহস জোগাতে এবং সরাসরি সমর্থন দিতে সুদূর পুয়ের্তো রিকোতে ছুটে গেছেন আরেক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
দীর্ঘ ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে পুয়ের্তো রিকোতে পৌঁছেই সরাসরি মাহির সঙ্গে দেখা করেন মিথিলা। দুই বন্ধুর সেই আবেগঘন আলিঙ্গন ও মিলনের একটি সুন্দর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে দীর্ঘ দেড় দশকের বন্ধুত্বের স্মৃতিচারণ করে তিনি একটি হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন।
ফেসবুক পোস্টে মিথিলা লিখেছেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব, একসাথে বড় হওয়া আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্তটা আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ এক সুতোয় গেঁথে গেছে।’
বন্ধু মাহির সাফল্যে নিজের গর্ব ও আনন্দের কথা প্রকাশ করে মিথিলা আরও লেখেন, ‘প্রিয় মাহি (আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কি যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’
পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের জয় ছিনিয়ে আনতে দেশবাসীর কাছে মাহির জন্য ভোট চেয়ে বিশেষ আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘সবাই প্লিজ আমাদের মাহির পাশে থাকুন। পিপলস চয়েস ভোটে বাংলাদেশকে বিজয়ী করতে সবাই মিলে বেশি বেশি ভোট দিন। আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে।’
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।
বিশ্বমঞ্চে মাহির এই লড়াইয়ে পাশে থাকতে প্রিয় বন্ধু মিথিলার এই ছুটে যাওয়া ভক্ত ও বিনোদন অঙ্গনের সবার কাছেই দারুণ প্রশংসিত হচ্ছে।
সূত্র: আগামীর সময়.কম
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন