প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৩:৫৪
সংগৃহীত ছবি
এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে জটিলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার পেছনেই চলে যাচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমেও দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এসব জটিলতা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজট কমানোর কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের জটিলতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তিনি দ্রুত এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে চান। কিন্তু পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং পরবর্তী ভর্তি কার্যক্রমে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, উন্নত দেশগুলোতে শিক্ষাজীবন শেষ করে তরুণরা দ্রুত কর্মজীবনে প্রবেশের সুযোগ পান। এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও নতুন করে উচ্চশিক্ষা গ্রহণ ও অন্য পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকে। অথচ বাংলাদেশে শিক্ষার বিভিন্ন ধাপে অপ্রয়োজনীয় সময় নষ্ট হচ্ছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইন্টারমিডিয়েট পাস করতে ২০ বছর সময় লাগিয়ে গেছি। দুই বছর খেয়ে ফেলে এডুকেশন মিনিস্ট্রি। এক বছর এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়া, পরীক্ষা নেওয়া আরেক বছর।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। বিপুলসংখ্যক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের কাজ শেষ করে ২৩ নভেম্বর ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধও জানিয়েছেন।
তবে ভর্তি কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া পরিকল্পনায় জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি তড়িঘড়ি করে ৬০ দিনের মধ্যে রেজাল্ট দিলাম। আবার এতগুলো খাতাকে রি-এক্সামিন করে এই ২৩ তারিখে রেজাল্ট দেব। ঢাকা ইউনিভার্সিটিকে বলেছি যে আপনারা তাড়াতাড়ি ভর্তি করেন। ও মা, উনারা নিজেরা নিজেরা এমন প্ল্যান করলেন, শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে।’
শিক্ষকদের বিভিন্ন বিষয়ে হাইকোর্টে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো সমস্যা দেখা দিলেই শিক্ষকদের আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেন না। আদালতে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে আলোচনা ও সমাধানের চেষ্টা করা উচিত।
তিনি বলেন, ‘আর আমি এটাও বুঝি না, কিছু হলেই শিক্ষকরা হাইকোর্টে দৌড়ে যান। হোয়াই? আর হাইকোর্ট, আল্লাহ জানেন, উনারা অ্যাড্রেস করার আগে এগুলো সঠিকভাবে হিয়ারিং করেন কি না, আমাদের লয়াররা যায় কি না, চার্জদের সামনে বলে কি না, আমি তা জানি না।’
শিক্ষামন্ত্রীর মতে, সংশ্লিষ্ট বিষয়গুলো আদালতের সামনে যথাযথভাবে উপস্থাপন করা হলে ভর্তি কার্যক্রম বন্ধ রাখার মতো স্থগিতাদেশ হয়তো আসত না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে সমন্বয় থাকলে এ ধরনের জটিলতা এড়ানো সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর পরিকল্পনা দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন সরকার নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা বাস্তবায়নে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সেশনজট নিরসনে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে নিজেদের স্বায়ত্তশাসনের কথা বলতে পারে। তবে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়। এ ক্ষেত্রে সরকার ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
তিনি বলেন, ‘আপনাদেরকে যদি বেশি কথা বলি, তো বলবেন, উই আর অটোনোমাস বডি, ১৯৭৪ অ্যাক্ট। বাট আউট অব ইউ, দি আউট ঠিকমতো আউট হয়ে যায়। বুঝেন তো কথাটা। আমরা কী করব? কিন্তু যখন আবার টাকার কথা হবে, তখন শিক্ষামন্ত্রী, তখন বলবেন, শিক্ষামন্ত্রী, এটা হতে দেওয়া যাবে।’
সূত্র:যুগান্তর.কম
এসএ
জাতীয় থেকে আরো পড়ুন