প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৯:০৭
সংগৃহীত ছবি
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত তহবিল পাওয়া গেলে এই অনুদানের পরিমাণ বেড়ে ১,০৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।
আজ ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা) এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৪১০ কোটি টাকা) নিশ্চিত করেছে বাংলাদেশ।
তিনি বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো (প্রায় ২৭৩ কোটি টাকা) অতিরিক্ত পেতে পারে বাংলাদেশ।
ড. সাইমুম বলেন, ‘যদি এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হয়, তবে সিআইএফ এবং গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৫৮ কোটি টাকা।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের প্রাপ্ত এই অর্থের সম্পূর্ণটাই অনুদান হিসেবে এসেছে এবং এগুলো পরিশোধ করতে হবে না।
তিনি আরও বলেন, সিআইএফ-এর অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে, অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগ সহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজনে বরাদ্দের আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে নির্গমন হ্রাসে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছে। অনুদান হ্রাস এবং ঋণ ও বিনিয়োগের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তা উল্লেখ করে অনুদান ভিত্তিক অর্থায়নের সপক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশ।
ড. সাইমুম বলেন, ‘গ্লোবাল সাউথের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি।’
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনাকে একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীক বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি দল সেই দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়।
সম্মেলনটি সময়সীমা পেরিয়ে গড়ালে শেষ ধাপের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে জানান তিনি।
ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারিত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও প্রসার ঘটানো, সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন করাই বাংলাদেশের লক্ষ্য।
বাংলাদেশ প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী এবং সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-ইভেন্ট আয়োজিত হয়েছিল।
তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
কার্বন ক্রেডিট বিক্রি প্রসঙ্গে ড. সাইমুম বলেন, গত সাত-আট মাস ধরে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিল।
কপ৩১ চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব সংগ্রহের সুযোগ অন্বেষণ করতে প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে এতে অগ্রগতি হবে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত হলে লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে।
সূত্র:বাসস.কম
জাতীয় থেকে আরো পড়ুন