ইউনিসেফ থেকে সরাসরি পদ্ধতিতে ৫৩৫ কোটি টাকার টিকা কিনবে সরকার

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ছয় মাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ছয় মাসের পাঁচ ধরনের টিকা কিনতে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা।

 


বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

 

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখা অত্যন্ত জরুরি। এজন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের অতিরিক্ত হিসেবে ছয় মাসের পাঁচ ধরনের টিকা জরুরি ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন।

 

 

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সরবরাহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয় সংখ্যক টিকা পাওয়া যায় না এবং ভ্যাকসিনের কাঙ্ক্ষিত গুণগত মান বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ইপিআই কার্যক্রম সচল রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।

 

 

কোন টিকা কত পরিমাণ কেনা হচ্ছে

 

প্রস্তাব অনুযায়ী, পাঁচ ধরনের টিকার মধ্যে রয়েছে বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি।

 

সরকারি তহবিলের (জিওবি) অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারের এই নীতিগত অনুমোদনের ফলে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।

 

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইপিআই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে নারী ও শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। টিকার সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিদ্যমান মজুতের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক .কম
এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার