প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৫০
সংগৃহীত ছবি
সারা দেশে বয়সভিত্তিক ক্রিকেটে একটি অভিন্ন কোচিং কাঠামো গড়ে তুলতে স্বচ্ছ ও তথ্যনির্ভর (ডেটা-ব্যাকড) পদ্ধতি গ্রহণের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বয়সভিত্তিক স্তর থেকেই খেলোয়াড়দের গড়ে তোলার প্রক্রিয়ায় ধারাবাহিকতা নিশ্চিত করতে নিজেদের কোচিং দর্শনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বোর্ড। এ প্রস্তাব নিয়ে আলোচনা করতে বুধবার (২৫ নভেম্বর) বোর্ডের চুক্তিভুক্ত কোচদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৈঠকে বিসিবির গেম ডেভেলপমেন্ট উপদেষ্টা খালেদ মাহমুদ এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। বিভিন্ন বয়সভিত্তিক দলে কোচদের কাজের ধরনে একটি পেশাদার ও সংস্কৃতিগত পরিবর্তন আনাই ছিল এই সভার মূল লক্ষ্য।
কোচিং কাঠামোয় ধারাবাহিকতার অভাব খেলোয়াড়দের বিকাশকে বাধাগ্রস্ত করছে, বিসিবির ভেতরে এমন উদ্বেগের প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন বয়সভিত্তিক কোচেরা পরের ধাপের কোচদের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ বা সমন্বয় ছাড়াই অনেকটা বিচ্ছিন্নভাবে কাজ করতেন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করা সালাহউদ্দিন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে বলেন, আমরা সবার মধ্যে একটি সমন্বয় আনার চেষ্টা করছি, যাতে একটি অভিন্ন কোচিং কাঠামো তৈরি হয়। এর মাধ্যমে খেলোয়াড়রা এক বয়সভিত্তিক স্তর থেকে পরের স্তরে যাওয়ার সময় একটি ধারাবাহিক উন্নতির পথ অনুসরণ করতে পারবে।
তিনি আরও বলেন, মূলত আমরা চাই প্রতিটি কোচ জানুন বিভিন্ন বয়সভিত্তিক স্তরে একজন ক্রিকেটারকে কীভাবে গড়ে তোলা হচ্ছে। এতে করে কোনো খেলোয়াড় এক স্তর থেকে অন্য স্তরে এলে তার উন্নতির ধারায় ব্যাঘাত না ঘটিয়ে কোচেরা তাকে আরও এগিয়ে নিতে পারবেন।
বিষয়টি ব্যাখ্যা করে সালাহউদ্দিন বলেন, অর্থাৎ অনূর্ধ্ব-১৫ দলের একজন ক্রিকেটারকে নিয়ে যে কাজগুলো ইতিমধ্যে করা হয়েছে, অনূর্ধ্ব-১৭ দলে ওঠার পর যেন একই কাজের পুনরাবৃত্তি না হয়। বরং পরের ধাপের কোচেরা সেখান থেকেই পরবর্তী কাজ শুরু করবেন। এটি খুব ভালো একটি প্রক্রিয়া। অনেক বছর আগেই এটা হওয়া উচিত ছিল, আমরা বেশ দেরিতে শুরু করছি। তবে দেরিতে হলেও কাজটা হচ্ছে, এটাই ইতিবাচক।
কোচদের মধ্যকার এই তথ্য আদান-প্রদান মূলত সুনির্দিষ্ট তথ্যের (ডেটা) ওপর ভিত্তি করেই হবে বলে জানান সালাহউদ্দিন।
তিনি বলেন, আগে অনূর্ধ্ব-১৫ থেকে কোনো খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ দলে এলে পরের কোচ জানতেন না আগের স্তরে তার কী কী কাজ হয়েছে। কিন্তু এখন তারা জানবেন এই খেলোয়াড় কী ধরনের অনুশীলন বা কাজ করে এসেছে। এখন প্রশ্ন হলো, এই তথ্য কীসের ভিত্তিতে আদান-প্রদান হবে? এর ভিত্তি হতে হবে সুনির্দিষ্ট ডেটা বা তথ্য।
সালাহউদ্দিন যোগ করেন, আমি মৌখিকভাবে বলে দিলাম, সে এটা বা ওটা করতে পারে—এভাবে আর চলবে না। আমরা চাই পুরো প্রক্রিয়াটি তথ্য-উপাত্তের ভিত্তিতে হোক, যাতে একজন ক্রিকেটার এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার সময় প্রতিটি কোচ তার উন্নতির গ্রাফ সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
সূত্র: কালবেলা .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন