প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২১:৪৬
বর্ষা কালে ভিট বরাবর হলুদ ছানার দল,
আধ খানাতে ডুবে আছে ধাতব জলের কল।
বসত ঘরের নাউরি দিয়ে বৃষ্টি ঝরা জল,
বারান্দায় ইতি উতি লাল পিঁপড়ের দল।
উঠোন জুড়ে ডুবোকাঁদা,
উড়ছে মেঘ তুলো সাদা,
ঝড়ো হাওয়ায় আসবে উড়ে,
ঝাঁপ দিবে সে হাওর জুড়ে।
দখিন হাওয়ায় ঢেউয়ের খেলা,
সন্ধ্যা কালে আপদ মেলা।
বসত ভিটার দখিন পাশে,
রক্ষা দেয়াল আড়া বাঁশে।
আছাড় খেয়ে জলের ঢেউ,
রাখছে নজর বাড়ির কেউ।
কামলা কামিন বাহির ঘরে,
দখিন হাওয়ায় দরজা নড়ে,
মহাজনের উঁচু ডাকে,
মন ভাবনা নজর রাখে।
হর হামেশাই বর্ষা কালে,
ভালো মন্দের বর্ন তালে।
মহাজনের চিন্তা আসে,
সুখের নদী না যায় ভেসে।
হাওর পাড়ের সুখ গল্প,
বসত জুড়ে জমে স্বল্প।
লড়াই করে কাটে দিন,
ধীরে ধীরে শোধ হয়ে যায়
মহাজনের জন্ম ঋন।
বসতভিটা শতের ঘরে,
নৈমুদ্দি সবার পরে,
আধখানা তার ঘরের চালে,
পাথর চাপা গেলো সালে।
আফাল এলে জুতমত,
ঘরখানা তার হবে নত,
রক্ষা নাহি পাবে,
নৈমুদ্দি তাইতো সদাই ভাবে।
হাওর জুড়ে দুঃখ গাঁথা,
কবে হবে শেষ।
আজো মোরা লড়াই করি,
হই নাকো নিঃশেষ।
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন