প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৮:৫৭
ছবি. সু.খবর
রক্তঝরা দিনগুলোর স্মৃতি, স্বজন হারানোর বেদনা এবং স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যয়কে ধারণ করে দিরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৬’। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া ‘জুলাই যোদ্ধা’দের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বেলা ১১টায় দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া সংবর্ধিত জুলাই যোদ্ধারা মঞ্চে আসেন। তাঁদের স্মৃতিচারণে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধিত জুলাই যোদ্ধা বজলু মিয়া বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা বুকের রক্ত দেওয়ার প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছিলাম। সেই রক্তঝরা দিনগুলোর কথা স্মরণ করলে আজও শরীর শিউরে উঠে। তবে আজ স্বৈরাচারমুক্ত এই স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে পেরে মনে হচ্ছে আমাদের সেই ত্যাগ ও কষ্ট সার্থক হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘদিনের অন্যায়—অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের ঐতিহাসিক বিস্ফোরণ। এই আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী বলেন, পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও দমন—পীড়ন উপেক্ষা করে ছাত্র—জনতা যেভাবে রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিল, সেই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সহযোদ্ধাদের এই সাহস আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিশ্ববাসীকে আবারও দেখিয়েছে যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির চেয়ে বড় কোনো স্বৈরাচারী শক্তি হতে পারে না। জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সংবর্ধিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন