প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১১:২৬
সংগৃহীত ছবি
সকালে ঘুম থেকে ওঠার পরের কয়েক ঘণ্টা রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাতভর না খেয়ে থাকার পর দিনের শুরুতে কিছু অভ্যাস শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। চিনি বা মিষ্টি খাওয়ার পাশাপাশি খালি পেটে চা-কফি পান, দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকা, ধূমপান, পর্যাপ্ত পানি না খাওয়া কিংবা দেরিতে নাশতা করাও এর পেছনে ভূমিকা রাখতে পারে। তাই সুগার নিয়ন্ত্রণে রাখতে সকালে কোন ৫টি ভুল এড়িয়ে চলা জরুরি, জেনে নিন।
খালি পেটে দুধ চা বা কফি
সকালে ঘুম থেকেই উঠেই চিনি দেওয়া কড়া চা বা কফিতে চুমুক দেওয়া বহু মানুষের প্রতিদিনের অভ্যাস। সঙ্গে দু’টি বিস্কুটও থাকে। রাতে দীর্ঘ উপবাসের পরে হঠাৎ করেই চিনি বা ক্যাফেইন পেটে গেলে তা খুব দ্রুত রক্তপ্রবাহে মিশে যায়। এতে রক্তে শর্করা আচমকা বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুটা প্রোটিন ও ফাইবার দিয়েই করতে হবে। কফি বা চা চিনি দিয়ে খেতে চাইলে, তার পরে খেতে হবে।
ঘুম ভেঙেই আলস্য
বিছানা থেকে উঠেই মোবাইল দেখা, একজায়গায় চুপ করে বসে থাকাও সুগার বেড়ে যাওয়ার আরও একটি কারণ। ঘুম থেকে ওঠার পরে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা খানিক বেশিই থাকে, যা রক্তে শর্করা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সকালে উঠে হালকা হাঁটাচলা না করলে পেশি সচল হয় না, ফলে রক্তে জমা হওয়া সেই অতিরিক্ত গ্লুকোজ় ব্যবহার না হয়ে রক্তেই রয়ে যায়।
সকাল সকাল ধূমপান
তামাকের নিকোটিন শরীরের ইনসুলিন হরমোন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনসুলিন রেজ়িস্ট্যান্স তৈরি করে। খালি পেটে ধূমপান করলে শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা থেকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
ঘুম থেকে উঠে পানি না খাওয়া
রাতে দীর্ঘ ৬-৮ ঘণ্টা ঘুমের পর সকালে উঠে জল না খেয়ে চা বা কফি খাওয়া বা অন্য খাবার খাওয়ার অভ্যাসের কারণেও সুগার বাড়তে পারে। শরীরে পানিশূন্যতার কারণে রক্তে শর্করা বা গ্লুকোজ়ের ঘনত্ব বেড়ে যায়, ফলে গ্লুকোমিটারে সুগারের মাত্রা বেশি দেখায়।
দেরিতে প্রাতরাশ
যিনি সকাল ৮টায় ঘুম থেকে উঠছেন, তিনি যদি বেলা ১২টায় খাবার খান, তা হলে সুগার বাড়বেই। রাতে দীর্ঘ সময়ে পেট ফাঁকা থাকার পরে সকালেও খেতে দেরি করলে, লিভার তার জমানো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে পাঠাতে থাকবে। ফলে দীর্ঘ সময়ে না খেয়ে থাকলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়তে থাকবে।
সূত্র: যুগান্তর .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন