প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২১
আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। যা চলতি বছরে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর আগে, চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
নিসচা জানায়, আগস্টে সিলেট—ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আগস্টে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। আর কম প্রাণহানি হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কে নির্মাণগত ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে, আগস্ট মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৯ জন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক এবং আরোহী, ১২টি দুর্ঘটনায় ১২ জন চালক এবং ৭টি দুর্ঘটনায় ৭ জন পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ২৭ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
আগস্ট মাসে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনার তথ্য এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
উল্লেখ্য, জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন