প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩
সদ্য সমাপ্ত আগস্ট মাসে সিলেট বিভাগে স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর চলতি সেপ্টেম্বর মাসেও বিভাগে স্বাভাবিক বা তার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারি বর্ষণের কারণে সিলেট অঞ্চলসহ দেশের উত্তর—পূর্বাঞ্চলে মাসের যে কোনো সময় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ১ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভায় আগস্ট মাসের আবহাওয়া পর্যালোচনা এবং সেপ্টেম্বরের এই পূর্বাভাস চূড়ান্ত করা হয়।
পূর্বাভাস তথ্যে দেখা যায়, আগস্ট মাসে সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৭০ মিলিমিটার। সেখানে রেকর্ড করা হয়েছে ৪৯২ মিলিমিটার বৃষ্টিপাত, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬% বেশি। আগস্টে সিলেটে স্বাভাবিক ২৩ দিনের স্থানে মোট ২৫ দিন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চলতি সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩৬০ থেকে ৩৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৭১ মি.মি.। এছাড়া এ মাসে সিলেটে ২১ থেকে ২৫ দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাটির আর্দ্রতা ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে। তবে সেপ্টেম্বরে সারাদেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া সারাদেশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় এবং ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
দেশের প্রধান নদ—নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকলেও, সেপ্টেম্বরে ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট অঞ্চল (উত্তর—পূর্বাঞ্চল), উত্তরাঞ্চল এবং দক্ষিণ—পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন