স্পেনের আরেকটি ক্লাবের মালিক হচ্ছেন মেসি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭

সংগৃহীত ছবি 

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি। এই বিষয়ে একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে নিশ্চিত করেছে একটি সূত্র।

 

 


এলদেন্সের বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ সংস্থা গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও তাদের ক্লাব রয়েছে।

 

তবে এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর জন্য প্রয়োজন যথাযথ যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদন।

 

চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে এলদেন্স। বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার এ বছরের শুরুতেই কিনেছিলেন পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়া। বার্সেলোনা শহরভিত্তিক এই ক্লাবটির মালিকানা তখন নিশ্চিত হয়।

 

 

তবে কর্নেইয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের ক্লাব। এলদেন্সই হবে স্পেনে মেসির বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব।

 

৩৯ বছর বয়সী মেসি তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেরও আংশিক মালিক।

 

এলদেন্স ও কর্নেইয়া বর্তমানে তিন ধাপ ব্যবধানে আলাদা লিগে খেলছে। তাই আপাতত মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে কর্নেইয়ার উচ্চাভিলাষ নিয়ে। কারণ, মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দুই ক্লাবকে একই লিগে খেলার অনুমতি দেবে না বলেই মনে করা হচ্ছে।

 

 

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশিরভাগ সময় শীর্ষ দুই বিভাগের বাইরেই কাটিয়েছে। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো তারা দ্বিতীয় বিভাগে ওঠে ২০২৩ সালে। এরপর ২০২৫ সালে অবনমিত হয়। তবে এই গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফেরে ক্লাবটি।

 

 

এই মৌসুমে চার ম্যাচের একটিতেও জিততে পারেনি এলদেন্স। এই ব্যর্থতার কারণে সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়। এখন কোনো কোচ ছাড়াই আছে ক্লাবটি।

 

 

এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে ঘরের মাঠের ম্যাচ খেলে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ জন দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বেশ ছোট।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার