প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৪
সংগৃহীত ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে এসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন করে আবেদন করতে পারবেন। একই সঙ্গে যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারাও আবেদন পরিমার্জনের সুযোগ পাবেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফলগুলো আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা আবেদন না করে থাকলে নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবেন।
শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত চলবে। গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এ সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
এ ছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত আবেদনকারীরা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
সূত্র: যুগান্তর .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন