প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮
সংগৃহীত ছবি
হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ট্রাকের বালুর নিচে লুকিয়ে পরিবহন করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস এবং মদ-গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে রাস্তার পাশে দাঁড় করানো একটি সন্দেহজনক ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। কেবল এই চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এরমধ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গলের সিমাইলত এলাকা থেকে সিন্দুরখান বিওপির টহলদল ৪৪ বোতল মদ উদ্ধার করে। এছাড়া গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চুনারুঘাটের গারোটিলা থেকে সাতছড়ি বিওপি ৯৬ বোতল মদ এবং মাধবপুরের ২০ নম্বর চা-বাগান এলাকা থেকে তেলিয়াপাড়া বিওপি ১০ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করে। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামাল ও মাদকদ্রব্য বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি।
সূত্র: কালবেলা .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন