সিলেটের ১০ কলেজে শিক্ষার্থী শূন্য, আসন পাননি ৪৫৫ জন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১

একাদশে ভর্তি

সংগৃহীত ছবি 

সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার ১০টি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে একজন শিক্ষার্থীও নির্বাচিত হয়নি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুটি করে ও হবিগঞ্জের চারটি কলেজ রয়েছে।

 

 

অন্যদিকে, বোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করা ৪৮ হাজার ৩৩৬ শিক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন আসন বরাদ্দ পেয়েছেন। আর আবেদন করেও প্রথম ধাপে কোনো কলেজে আসন পাননি ৪৫৫ জন শিক্ষার্থী।

 

 

সারাদেশে দুই হাজার ২০০-এর বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হননি। তাদের বিষয়ে সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।

 


এর আগে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

 

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীন সিলেট বিভাগের চার জেলায় মোট ৩৪৯টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে এক লাখ ৪৩ হাজার ৫৬০টি। বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছেন ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

 

 

বোর্ড আরও জানায়, আবেদনকারীদের মধ্যে মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন কলেজে ভর্তির জন্য আসন বরাদ্দ পেয়েছেন। তবে ৪৫৫ জন শিক্ষার্থী কোনো কলেজে আসন পাননি।

 

প্রথম ধাপে কোনো শিক্ষার্থী নির্বাচিত না হওয়া ১০টি কলেজের মধ্যে রয়েছে, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চনারচর এসইএসডিপি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

 

 

এ ছাড়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীমঙ্গল উপজেলার রেনার হাই স্কুল অ্যান্ড কলেজ। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার হাজী আব্দুল হেকিম স্কুল অ্যান্ড কলেজ, বাহুবল উপজেলার মানবকল্যাণ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মাধবপুর উপজেলার প্রেমদাময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ ও ডা. মহিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।

 

 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আসন বরাদ্দ না পাওয়া শিক্ষার্থীদের পরের ধাপে ভর্তির সুযোগ থাকবে। একই সঙ্গে প্রথম ধাপে শিক্ষার্থী নির্বাচিত না হওয়া ১০টি কলেজের আসনও ফাঁকা রয়েছে।

 

 

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম কালবেলাকে বলেন, ‘কলেজে ভর্তির বিষয়টি মূলত শিক্ষার্থীদের দেওয়া পছন্দের ভিত্তিতে নির্ধারিত হয়। এ বছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছে। শিক্ষার্থীর দেওয়া পছন্দের কোনো কলেজে নির্বাচিত না হলে সে প্রথম ধাপে ভর্তির সুযোগ পায় না। ফলে অনেক কলেজের আসনও ফাঁকা থেকে যায়।’

 

 

তিনি আরও বলেন, ‘সারাদেশে দুই হাজার ২০০-এর বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীসহ অনেকেই প্রথম ধাপে নির্বাচিত হয়নি। তাদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।’

 

 

আগের বছরগুলোর মতো এবারও পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
সূত্র: কালবেলা .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার