প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১০
জেলার ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জুবিলী ফুটবল উৎসব—২০২৬’। আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসব চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম আজাদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের প্রথম দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর শুরুতেই সকাল সাড়ে ৮টা থেকে দিবা ও প্রভাতি উভয় শিফটের শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। তবে ২১ ও ২২ সেপ্টেম্বর উভয় শিফটের ক্লাস শুরু হবে সকাল ৭ টা ৪৫ মিনিটে।
২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১ম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এতে ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বিভিন্ন শাখা ও শিফটের দলগুলো মুখোমুখি হবে। ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩য়, ৪র্থ, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ম্যাচসমূহ। ২২ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ১০ মিনিট পর্যন্ত শেষ ধাপে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির প্রভাতি ও দিবা শিফটের খেলা হবে। উৎসবের চূড়ান্ত ও আকর্ষণীয় পর্ব অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। যেখানে মুখোমুখি হবে প্রভাতি ও দিবা শিফটের সেরা দুই দল।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জুবিলী ফুটবল উৎসব—২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম আজাদ মিয়া বললেন, বিগত বছরগুলোতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রাতিষ্ঠানিক রূপ ছাড়াই প্রতিযোগিতাটি আয়োজিত হলেও, এবারই প্রথমবারের মতো সুশৃঙ্খল ও আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ৩ দিনে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেবে। প্রতিটি শ্রেণীর দিবা ও প্রভাতী শিফটের ‘এ’ ও ‘বি’ সেকশনের চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে ‘ইন্টার ফাইনাল’ অনুষ্ঠিত হবে। এই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ১৬ জন করে খেলোয়াড়কে পদক (মেডেল) দিয়ে সম্মানিত করা হবে। শ্রেণীভিত্তিক চূড়ান্ত লড়াই শেষে ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সেরা খেলোয়াড়দের নিয়ে দিবা ও প্রভাতী শিফটের পৃথক দুইটি দল গঠন করা হবে। পরবর্তীতে এই দুই শিফটের মধ্যকার চূড়ান্ত বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন