প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৯
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ‘ঘাসী নদী- ২য় খণ্ড’ ইজারা নেওয়া অংশ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইজারাদার হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেনোয়ার হোসেনের বিরুদ্ধে ইউএনওর কাছে এমন অভিযোগ করেছেন। তাজুল ইসলাম মৎস্যসম্পদ ও আর্থিক স্বার্থ রক্ষাসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার মধ্যনগরের ইউএনওর মেইলে এ সংক্রান্ত অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সন পর্যন্ত তিন বছরের জন্য সরকারি বিধি—বিধান মেনে ‘ঘাসী নদী ২য় খণ্ড’ ইজারা নেয়। ইজারার বিপরীতে নির্ধারিত সরকারি রাজস্বও নিয়মিত পরিশোধ করে আসছে সমিতি। কিন্তু বেশ কিছুদিন ধরে সেনোয়ার হোসেন ইজারাকৃত নদীর একটি অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছেন। গত ১৫ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সেনোয়ার হোসেন তাঁর নিজ গ্রাম মির্জাপুরের ৫০—৬০ জন লোকজন নিয়ে ইজারাকৃত নদীর নির্দিষ্ট অংশে প্রবেশ করেন। সেখানে নেট জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তাজুল ইসলামের দাবি, এ ঘটনায় ইজারাকৃত জলাশয়ে সমিতির চাষ করা মাছসহ অন্যান্য মৎস্যসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে সমিতির আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। প্রাথমিকভাবে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা মো. সেনোয়ার হোসেন বলেন, বিরোধকৃত অংশটি ইজারা বহিভূর্ত। এই অংশটি প্রতি বছর স্থানীয় মির্জাপুর জামে মসজিদের ভোগ দখলে থাকে। কিন্তু এই ইজারাদার আসার পর থেকে সেটির ব্যতিক্রম ঘটছে। আমি মসজিদ ও এলাকার লোকজনের পক্ষে কথা বলায় মিথ্যা অভিযোগ করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন