প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৭:০৬
শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ে সাপ্তাহিক ছুটির মধ্যে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের (১৭ অক্টোবর) ছুটি বাতিল করা হয়েছে। ফলে ছুটির আগে আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক।
এর আগে গত ৭ অক্টোবর একদিনের ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে সরকার ঘোষিত এই ছুটির আলোকে গত ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সম্প্রতি মন্ত্রিসভায় ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিনদিন পূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজায় টানা পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
তবে এই ছুটি শুরুর আগের সাপ্তাহিক ছুটির মধ্যে ১৭ অক্টোবরের (শনিবার) ছুটি বাতিল করা হয়েছে। এর ফলে আগামীকাল দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ছাড়াও সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
সূত্র:চ্যানেল 24.কম
জাতীয় থেকে আরো পড়ুন