মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৬

সংগৃহীত ছবি

 লিওনেল মেসির চার মিনিটের ব্যবধানে দুই গোলে শনিবার আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্লে-অফ ম্যাচকে সামনে রেখে এমএলএস শিরোপা ধরে রাখার অভিযানে আরও গতি পেয়েছে মায়ামি।

 

 

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই সুপারস্টার এই গোল দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৫ গোল নিয়ে শীর্ষে রয়েছেন। তাঁর চেয়ে ছয় গোল পিছিয়ে আছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসা ও ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কি।

 

 

জুলাইয়ে এই আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। এবার সেই মাঠেই দুর্দান্ত দুটি গোল করে মায়ামিকে টানা তৃতীয় জয় এনে দেন মেসি।

 

 

৪৫ মিনিটে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন জার্মান বেরতেরামে। পরে তাঁর পাস পেয়ে আটলান্টার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৫৬ মিনিটে তাঁর গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

 

 

এর চার মিনিট পর আবারও গোল করেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। গোলরক্ষক লুকাস হোইসকে পরাস্ত করের বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

 

 

বিরতির ঠিক আগে মায়ামির প্রথম গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। তাঁর হেড থেকে বল পেয়ে সুয়ারেজ বক্সের মধ্যে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়িয়ে দেন। বেরতেরামে হেডে বল জালে পাঠালে ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি।

 

 

এই ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এর ফলে অ্যাসিস্টের তালিকায় লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কৃতিত্বও অর্জন করেছেন মেসি।

 

 

আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে চারটি গোল করেছেন মেসি। বুধবার প্লে-অফ নিশ্চিত করা মায়ামি গত মাসে কোচের দায়িত্ব নেওয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে।

 

 

৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ফাফা পিকল্ট। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা আটলান্টার প্লে-অফে ওঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

সূত্র:বাসস.কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার