এইচএসসি সম্পূরক পরীক্ষা কবে, অংশ নিতে পারবেন যারা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৪:০৫

সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হতে পারে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

 

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না।

 


শুধু ২০২৬ সালের পরীক্ষার্থীরাই নন, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে আগের বছরগুলোতে অকৃতকার্য শিক্ষার্থীদের ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া অথবা বৈধ নিবন্ধন থাকতে হবে।

 

 

অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ করলে টানা দুই বা তিন বছর ধরে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 

আন্তশিক্ষা বোর্ডের প্রস্তাব অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে সম্পূরক পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। এ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

 

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

 

 

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

 

 

ফল বিপর্যয়ের পর সম্পূরক পরীক্ষা আয়োজনের এই উদ্যোগে নতুন করে উত্তীর্ণ হওয়ার সুযোগ তৈরি হতে যাচ্ছে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য।

 

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে সরকার।

সূত্র:আরটিভি নিউজ .কম
এসএ

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার