প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৩:১৯

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই গড়িমসি চলছিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছিল নানা জল্পনা-কল্পনা। ছবির কিছু দৃশ্য নতুন করে শুট করার প্রয়োজন হয়েছিল বলেও খবর ছড়ায়। এমনকি সরকারি ছাড়পত্র পেতেও সমস্যায় পড়তে হয়েছে নির্মাতাদের— এমন খবরও সামাজিক মাধ্যমে চাউর হয়। 

 

 

এসব গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড ভাইজান। 

 

এর আগে গত এপ্রিল মাসে ‘মাতৃভূমি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনায় বদল আসে। শেষ পর্যন্ত নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

 

 

‘মাতৃভূমি’ সিনেমাটি মূলত ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনার সংঘর্ষের ঘটনা থেকেই অনুপ্রাণিত বলে জানা গেছে।

 

সে কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং সিনেমার প্রশংসাপত্র পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। 

 

অবশেষে শুক্রবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে এ সিনেমার ঝলক প্রকাশ করা হয়। সেই সঙ্গে ঘোষণা দেওয়া হয় আগামী ৪ ডিসেম্বর ছবিটির মুক্তির তারিখ। এ সময় অনুষ্ঠানে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান খান নিজেও উপস্থিত ছিলেন। সেখানেই ছবির শুটিং এবং মুক্তি নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দেন তিনি। 

 

 

এই অভিনেতা বলেন, সিনেমার কাজ নিয়ে যেসব সমস্যা ও দেরির কথা শোনা গেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

গণমাধ্যম সূত্রে জানা গেছে,  ‘মাতৃভূমি’ সিনেমার কিছু দৃশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। যার ফলে কিছু দৃশ্যের শুটিং নতুন করে করতে হয়েছে। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে যায় সেই নাম। সরকারের পক্ষ থেকে আপত্তির কারণেই নাম বদলে দেওয়া হয় বলেও খবর ছড়িয়ে পড়েছিল। এমন দাবি শুনে রীতিমতো বিরক্ত সালমান খান। 

 

 

তিনি বলেন, ‘সব বাজে কথা! এ খবর একেবারেই সত্যি নয়।’ সিনেমার বিষয়বস্তু ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘আমরা সিনেমাটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’ 

 

 

প্রসঙ্গত, ‘মাতৃভূমি’ সিনেমার মুক্তি নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছিল ঠিক। ভারত ও চীনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার বিষয়বস্তু নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। বিশেষ করে চীনের প্রসঙ্গ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে সিনেমাটি নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা হয় বলে খবর ছড়িয়েছিল। যদিও এসব খবরকে ভিত্তিহীন বলে জানান সালমান। 

সূত্র:যুগান্তর.কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার