জামিন পেলেন নি‘ষি‘দ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সের বোন

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২২:২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে আটক করার ছবি -ফাইল ছবি

পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সি ছোট বোন জামিন পেয়েছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 


পুলিশের উপর হামলার (অ্যাসল্ট) মামলায় গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), ছোট বোন (১৪) এবং প্রিন্সের চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১ নভেম্বর প্রিন্সের মা—বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় প্রিন্সের বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ নভেম্বর তার মা শামী আক্তার পলিও আদালত থেকে জামিন পান এবং কারামুক্ত হন। 

 


এর আগে, পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে থানার হাজতখানায় রাখা হয়। পরে ৩০ অক্টোবর রাত ১২টা ৫৭ মিনিটের দিকে হাজতখানা পর্যবেক্ষণকালে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

 


এজাহারে উল্লেখ করা হয়, হাসপাতালে নেওয়ার পর প্রিন্সকে ঘিরে তার পরিবারের সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জরুরি বিভাগে প্রবেশ করেন। এ সময় প্রিন্স মারা গেছেন বলে গুজব ছড়িয়ে তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে উত্তেজনাকর আচরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 


পুলিশের এজাহার অনুযায়ী, ৩০ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের কম্পাউন্ডে প্রিন্সের বাবা, মা, ভাই—বোন, আত্মীয়স্বজন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং তাদের সরকারি কাজে বাধা দেওয়া হয়। একপর্যায়ে প্রিন্সকে সিলেটে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার স্বজন ও অন্যরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেন এবং পুলিশের হেফাজত থেকে প্রিন্সকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 


মামলায় উল্লেখ করা হয় পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রিন্সকে সিলেটের কুইন্স হাসপাতালে ভর্তি থাকার তথ্য পেয়ে পুলিশ পুনরায় হেফাজতে নেয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, মারধর, আসামি ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

 


মামলার আসামিরা হলেন— সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তার ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) এবং মেয়ে শাম্মী আক্তার পলি (৩৮) ও মেয়ে (১৬)। এ ছাড়া দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরী (২০) রয়েছেন।

 


মামলার অন্য আসামিরা হলেন— ছাতকের জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ (২১), গোলাপগঞ্জের ভাদেরশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির (২০), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা (২৫) এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর (১৮)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার