প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:৫৪
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাংহাই ও খাই হাওরের মধ্যবর্তী এলাকায় ফসল রক্ষা বাঁধ ও সড়ক না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। জেবিবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাসকুড়ি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছর দুই হাওরের প্রায় এক হাজার হেক্টর বোরো ফসল অকাল বন্যার ঝুঁকিতে থাকে। পাশাপাশি বর্ষা ও শুষ্ক মৌসুমে যোগাযোগব্যবস্থার অভাবে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকাবাসী গুরুত্বপূর্ণ এই বাঁধ ও সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবছর স্থানীয় কৃষকদের স্বেচ্ছাশ্রমে বোরো ফসল রক্ষার চেষ্টা করতে হয়। এতে কৃষকদের সময়, শ্রম ও অর্থ ব্যয়ের পাশাপাশি শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ—৩ (শান্তিগঞ্জ—জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নির্দেশনায় প্রস্তাবিত বাঁধ ও সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সোমবার বিকাল সাড়ে ৪টায় সরেজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী আবুল হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ, সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, একাত্তর টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদনুর আহমেদ, সমাজসেবী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের জানান, চলতি মৌসুমেই বাঁধটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে তারা বলেন, বিগত সরকার ভোটের রাজনীতির কারণে গুরুত্বপূর্ণ এই বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়নি। ফলে প্রতিবছর কৃষকদের নিজেদের উদ্যোগে ফসল রক্ষায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
তারা আরও বলেন, বর্তমান সরকার মানুষের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রতিশ্রম্নতিবদ্ধ। প্রস্তাবিত বাঁধ ও সড়ক নির্মিত হলে সাংহাই ও খাই হাওরের বোরো ফসল সুরক্ষিত হওয়ার পাশাপাশি ১০টি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন