প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১২:৫৯
সংগৃহীত ছবি
সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
রাশেদুল হক বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগে সব প্রক্রিয়া চূড়ান্ত করতে চাই। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। আমার লক্ষ্য, ডিসেম্বরের আগেই এ কার্যক্রম শুরু করা। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।’
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের সমান সুযোগ ও বাছাইপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করা হয়। এতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
রাশেদুল হক বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
তিনি আরও বলেন, বাছাইপ্রক্রিয়ায় বোয়েসেলের কোনো হস্তক্ষেপ নেই। নিয়োগকর্তা যাদের নির্বাচন করবেন, তারাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, পুরো নিয়োগ কার্যক্রম সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। তার ভাষায়, ‘শূন্য মানে শূন্য।’
নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় প্রার্থীদের যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানান রাশেদুল হক।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন। এক সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, সেটিই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।’
সূত্র: যুগান্তর .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন