জীবিত লাশের কথা : চতুর্থ সর্গ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩২

৪৫ 
তুমি বলেছিলে এসো কোলাকুলি করি লেগে ছিল বন্ধুত্বের আঠা 
কোলাকোলি হলো ঋণফান্দে বান্ধা পড়ে ফেলানিরা অষ্টমীর পাঁঠা 
সপ্তাহান্তে দারুণ সুদের কিস্তি দিতে দিতে হলো প্রাণ অষ্ঠাগত 
এক শ’ টাকার সুদ চল্লিশ টাকার বেশি ক্রমে হলো পরাগত

দরদিয়া বন্ধু তুমি গরিবেরে মুক্তির খোয়াব দেখালে দারুণ
‘ফাঁন্দে পড়িয়া বগায় কান্দে রে’  উত্তমর্ণের দশা ক্রমেই করুণ 
দারিদ্র্য মহার্ঘ পণ্য মহামূল্যবান বাড়ে পুঁজির পুষ্টি অপার  
মুনাফার বাণিজ্য এমন পৃথিবীতে তার মতো নেই কীছু আর 

বঙ্গদেশে লাফাঙ্গারা খুব স্বপ্ন দেখে ধনী হবে ঋণের টাকায় 
সপ্তাহান্তে ঋণের কিস্তি দিতেই হবে নেই আর অপর উপায় 
কিস্তি শোধের চক্করে পড়ে ফেলানির ঘটি বাটি ঘর ছাড়ে তার 
লাফাঙ্গাদের স্বপ্ন পুরন দিল্লিদূর শান্তি সুখ সকলি উজাড়
 
স্বপ্নের ফেরিওয়ালা তুমি মস্ত স্বপ্নবাজ অন্তে আদপে কপট  
ঘটি বাটি ভিটে মাটি শান্তিসুখ হারা ফেলানির জীবন চৌপট \ 
সুনামগঞ্জ \ ১৯ অক্টোবর ২০২৬ 
৪৬ 
ঘুমঘোরে কূম্ভকর্ণ মানুষের মর্মে জাগে মরমিয়া না—মানুষ 
যোনীলিঙ্গজৈবিকতা দূষিত খাবার নিয়ে বোকার স্বর্গে বেহুঁশ 
প্রকম্পিত অভ্র মন বিপ্লবের নামে গেয়ে গেয়ে মরমিয়া গান  
দুর্দান্ত জুলাই এসে চলে গেছে জাগে নিকো সুপ্ত মানুষের প্রাণ 
 
‘যেই মামা সেই মামি সেই ভীটে ঘর’ আছে দুর্নীতিতে স্থিতি   
স্বাভাবিক হয়ে গেছে ভেজালে ভরভরন্ত যতো তিক্ত অসঙ্গতি 
কবীন্দ্র রবীন্দ্র নয় পুঁজির পুষ্পকরথে এখনও দ্বারকানাথ
উপবিষ্ট চলিষ্ণু রথের বল্গা ধরে আছে তার শীর্ণ শক্ত হাত
  
পতিতার রোজি চুরি এখনও পুষ্টি প্রদান করে চলে বিলাসিতা
দিকে দিকে আজও চলে আত্মসাৎ কাটা হয় বিজয়ের ফিতা 
পতিতার রোজি থেকে শুরু করে আরও চাই ভিনিজুয়েলার তেল
ট্রাম্প মশায়ের কাছে দ্বারকানাথের চুদুরবুদুরি হয়ে গেছে ফেল

আত্মসাতের ক্রুর শূকর হয়ে গেলে যুদ্ধোন্মাদ দাঁতাল দানব 
অস্থির পৃথিবী যুদ্ধের অপেক্ষা করে হয়ে উঠে নরক রৌরব \
 সুনামগঞ্জ \ ১৩ অক্টোবর ২০২৬

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার