সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৪

সারাদেশে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ ও উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা।
ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

 


আইনজীবী বলেন, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান। কিন্তু আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই নির্দেশনা দেওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

 


পরে ইটভাটা মালিকদের পক্ষ হতে আদেশ সংশোধন করে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করা হয় এবং শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন। ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের প্রার্থনা করলেও চেম্বার জজ কর্তৃক কোনো স্থগিতাদেশ (স্টে) পাননি। ওই আপিলগুলো পরবর্তীতে আপিল বিভাগে খারিজ হয়।

 


বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষে একটি আবেদন দাখিল করে আদালতে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানি হয় বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে।

 


আদালত সব পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করে বাংলাদেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর এবং সব বিভাগীয় কমিশনারকে পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সূত্র : অর্থসূচক

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার