প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৫১
উৎপাদন খরচ তুলতে হিমশিম কৃষকরা
সুনামগঞ্জে আগাম শীতকালীন সবজি চাষ করে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পানি লাউসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে পানির দামে। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। ক্ষেতের পরিচর্যা, শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও পরিবহন খরচ মিটিয়ে অনেক কৃষকের হাতে থাকছে না তেমন কোনো টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৭৭১ হেক্টর জমিতে। এর বিপরীতে এ পর্যন্ত অর্জিত হয়েছে ৬ হাজার ৬৭৫ হেক্টর। সম্প্রতি সুনামগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে সবজি চাষে লোকসানের এমন চিত্র পাওয়া গেছে।
.jpg)
সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম দুই কেয়ার জমিতে পানি লাউ চাষ করেছেন। উৎপাদিত লাউ নিয়ে বাজারে এসে দাম কমে যাওয়ায় হতাশ তিনি। আক্ষেপ করে ক্রেতাদের উদ্দেশে ডাকতে ডাকতে বলেন, ’বাইচ্ছা লও, দেইখ্যা লও, মাত্র ১০ টাকা। মাথা নষ্ট, জীবন নষ্ট। গিরস্থি করে খরচের টাকা তুলতে পারতাম না।’
তিনি জানান, কয়েক দিন আগেও প্রতি পিস লাউ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে ১০ টাকায়। দুই কেয়ার জমিতে লাউ চাষ করতে শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে। এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন প্রায় ৭০ হাজার টাকা। অর্থাৎ উৎপাদন খরচের তুলনায় এখনো প্রায় ৩০ হাজার টাকা পিছিয়ে রয়েছেন তিনি।
সিরাজুল ইসলাম বলেন, একজন শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা। এর বাইরে এক খাঁচি লাউ নৌকায় আনতে ২০ টাকা, শ্রমিক খরচ ২০ টাকা এবং জমা দিতে হয় আরও ২০ টাকা। সব খরচ বাদ দিয়ে লাউ বিক্রির টাকা হাতে নিয়ে বাড়ি ফিরতে পারেন না। বিক্রির টাকার প্রায় পুরোটাই খরচ মেটাতে চলে যায়।
শুধু সিরাজুল ইসলাম নন, সদর উপজেলার অক্ষয়নগর এলাকার বাচ্চু মিয়া, জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারগাঁও গ্রামের আব্দুল আউয়ালসহ জেলার শত শত কৃষক একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। পানি লাউয়ের পাশাপাশি করলা, শিম, শসা ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারগাঁও গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, আগাম শীতকালীন সবজির অংশ হিসেবে ২২ শতাংশ জমিতে পানি লাউ চাষ করেছিলাম। প্রথম দিকে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করেছি। পরে দাম কমতে কমতে ৮ থেকে ১০ টাকায় নেমে আসে। তখন লাউ বাজারে নিয়ে বিক্রি করলে লোকসান হওয়ায় ক্ষেতের লাউগাছ তুলে সেখানে নতুন করে করলা চাষ করেছি।
এ ছাড়া ধনেপাতা, বেগুন, মূলা, শিম ও টমেটো চাষ করেছি। আগাম জাতের ধনেপাতা প্রথম দিকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করলেও বর্তমানে তা ৭০ টাকায় নেমে এসেছে। এ বছর সবজির বাজারদর কম থাকায় আমার মতো এলাকার অনেক কৃষকই হিমশিম খাচ্ছেন। স্থানীয় বাজারে লাউয়ের দাম আরও কম, কোথাও কোথাও ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে।
শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার জেল রোড এলাকায় প্রতি পিস পানি লাউ আকার ও মানভেদে ১০ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি করলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা এবং কুমড়া ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লালশাকের প্রতি আঁটি ৩ থেকে ৪ টাকা, ডুগির প্রতি পিস ৩ থেকে ১৫ টাকা এবং মুলার প্রতি হালি ১০, ২০ থেকে ৩০ টাকা। তবে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা দরে। ধনেপাতা ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারভেদে এসব পণ্যের দামে কিছুটা পার্থক্য রয়েছে।
কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের কোনো সামঞ্জস্য নেই। ফলে দিনরাত পরিশ্রম করে ফসল ফলিয়েও তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত সবজি বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বাজারে লাউয়ের দাম এখনো বেশি। আমি নিজেও ৫০ টাকা দিয়ে লাউ কিনে এনেছি। তবে কোথাও কোথাও দাম কম, এটাও ঠিক। এ ক্ষেত্রে কৃষকদের পরিকল্পনা করে চাষাবাদ করতে হবে। যেমন, বাজারে এখনো টমেটোর দাম বেশি। আগাম শীতকালীন সবজির মধ্যে টমেটো চাষ করলে কৃষকরা লাভবান হতে পারতেন। আমরা কৃষকদের পরিকল্পিতভাবে সবজি চাষের পরামর্শ দেব, যাতে তারা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন