ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ের সুযোগ, সমান সুযোগ নিশ্চিতের তাগিদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৫২

সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা আলোচনা চলছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই কতটা সম্ভব, কোচিং নির্ভরতা বাড়ার আশঙ্কা এবং সরকারি বিদ্যালয়ের আসনসংকটসহ নানা বিষয়ে কথা বলেছেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়া। দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় তাঁর সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার এই পদ্ধতিকে কীভাবে দেখছেন?
এ কে এম আজাদ মিয়া: এক কথায় এর উত্তর দেওয়া যাবে না। লটারি চালুর আগে দীর্ঘদিন ভর্তি পরীক্ষা প্রচলিত ছিল। করোনাকালীন সময়ে বিকল্প হিসেবে লটারি পদ্ধতি চালু করা হয়। তবে কোনো পদ্ধতিই ত্রুটিমুক্ত নয়। লটারি পদ্ধতিতে বেশ কিছু সমস্যা ছিল। অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিদ্যালয়ে পড়তে চাইলেও ভর্তির সুযোগ পেত না। পাশাপাশি কিছু অভিভাবক সন্তানকে ভর্তি করাতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিতেন। যে বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসছে, সেই বিদ্যালয়ের পড়ালেখার মান মূল্যায়নেরও সুযোগ ছিল না। এসব কারণে সমাজের বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবি উঠেছিল। সরকার সেই দাবি বিবেচনায় নিয়েছে। আমিও সমাজের একজন প্রতিনিধি হিসেবে বিষয়টিকে দেখছি। এখন সামনে কী ফলাফল আসে, তা দেখতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ভর্তি পরীক্ষার মাধ্যমে কি প্রকৃত মেধাবী শিক্ষার্থী বাছাই করা সম্ভব হবে বলে মনে করেন?
এ কে এম আজাদ মিয়া: আমাদের শিক্ষাব্যবস্থা প্রতিযোগিতামূলক এবং শিখনফলভিত্তিক। একটি পাঠ্যবইয়ের অধ্যায়ের শুরুতেই উল্লেখ থাকে, ওই অধ্যায় পড়ে শিক্ষার্থীরা কী কী শিখবে। অভিভাবকসহ সবার মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা যাচাই করা হয়। লটারি দিয়ে এভাবে মেধা যাচাই করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। ভালো বিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা কিংবা কর্মজীবনÑসব ক্ষেত্রেই প্রতিযোগিতা রয়েছে। তাই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে আসবে এবং নিজেদের কাঙ্ক্ষিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে বলে মনে করি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতো কি না?
এ কে এম আজাদ মিয়া: প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা মেধাবী, তারা ভালো করার সুযোগ পায়। তাদের ফলাফলও নিজেদের পক্ষে আসে। সে হিসাবে ভর্তি পরীক্ষায় মেধাবীদের বঞ্চিত হওয়ার সুযোগ কম। তবে বিদ্যালয়ের আসনসংখ্যা সীমিত থাকলে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর বাইরে আরও অনেক শিক্ষার্থী থাকবে। ফলে ভালো ফলাফল করার পরও অনেক মেধাবী শিক্ষার্থী তাদের পছন্দের ভালো বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। আসনসংকটের কারণে এ সমস্যা থেকেই যাবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ভর্তি পরীক্ষা চালুর ফলে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা ও অভিভাবকদের বাড়তি চাপ বাড়ার আশঙ্কা কতটা?
এ কে এম আজাদ মিয়া: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত প্রশ্ন। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শিক্ষা অনেকটা পণ্যের মতো হয়ে গেছে। গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী শহরের প্রতিষ্ঠিত কোচিং বা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে যে প্রস্তুতি ও সহযোগিতা পায়, গ্রামের শিক্ষার্থীরা অনেক সময় সেই সুযোগ পায় না। ফলে মেধা থাকা সত্ত্বেও তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। অনেক অভিভাবকের সন্তানকে বোঝা বা তার সক্ষমতা মূল্যায়ন করার দক্ষতা থাকে না। এ কারণে তাঁরা বিভিন্ন শিক্ষক ও কোচিং সেন্টারের দ্বারস্থ হন। সন্তানকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে বাড়তি অর্থ ব্যয় করেন। যেসব পরিবারের আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের সন্তানরা বাড়তি সুযোগ পায়। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা পিছিয়ে পড়ে। এতে সবার জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ থাকে না। তাই সরকারকে এসব বৈষম্য তৈরির পথ বন্ধ করতে হবে। তাহলেই ভর্তি পরীক্ষা একটি সুন্দর ও সমান সুযোগের ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হবে।


দৈনিক সুনামগঞ্জের খবর: আপনি বললেন, শিক্ষা অনেকটা পণ্যের মতো হয়ে গেছে। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, তারা অতিরিক্ত শিক্ষক কিংবা কোচিংয়ের মাধ্যমে সন্তানকে প্রস্তুত করতে পারছে। অন্যদিকে সাধারণ পরিবারের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। এতে মেধা যাচাইয়ের ক্ষেত্রে সুযোগ—সুবিধা কি ধনিক শ্রেণির হাতেই চলে যাচ্ছে না?
এ কে এম আজাদ মিয়া: এ রকমটা বলতেই হয়। কারণ দৃশ্যমান বাস্তবতা আমাদের সেটাই শেখাচ্ছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি নেওয়া হলে সরকারি বিদ্যালয়গুলোর আসনসংকট কতটা প্রভাব ফেলবে?
এ কে এম আজাদ মিয়া: সুনামগঞ্জের কথা চিন্তা করলে এখানে দুটি সরকারি বিদ্যালয় রয়েছেÑসরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। সরকারি পরিপত্র অনুযায়ী আমরা ১১০ জন ভর্তি করতে পারি। অথচ এ আসনের বিপরীতে আবেদন পড়ে এক হাজারের বেশি। ফলে ১১০ জনের বাইরে বাকিরা ভর্তির সুযোগ পায় না। এখানে আসনসংকট মারাত্মকভাবে রয়েছে। আবার ষষ্ঠ শ্রেণির কথা চিন্তা করলে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি শাখায় প্রায় ২৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। কিন্তু বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে আসা শিক্ষার্থীর তুলনায় এই আসনসংখ্যা অনেক কম। ফলে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই আসনসংকট একটি বড় সমস্যা হিসেবেই থেকে যাচ্ছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদাসম্পন্ন ও অন্যান্য কোটার ক্ষেত্রে মেধা এবং সমান সুযোগের ভারসাম্য কীভাবে নিশ্চিত করা সম্ভব?
এ কে এম আজাদ মিয়া: মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে। পরিপত্রে এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এ কোটায় উপযুক্ত আবেদনকারী পাওয়া না গেলে সাধারণ কোটা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, সহোদরদের জন্য ৩ শতাংশ এবং যমজ শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ কোটা রাখা হয়েছে। ভর্তির আবেদনের সময় আমরা এসব ক্যাটাগরি নির্ধারণ করি। পরে নির্ধারিত শর্ত ও নীতিমালা অনুসারে ফলাফল প্রস্তুত করা হয়।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়ানো এবং শিক্ষার মান ধরে রাখতে নীতিনির্ধারকদের কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন?
এ কে এম আজাদ মিয়া: সুনামগঞ্জ সদরের সরকারি জুবিলী ও এসসি বিদ্যালয়ে আসনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে আসা অনেক শিক্ষার্থী এসব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। কয়েক দিন আগে পত্রিকায় পড়েছি, বর্তমান সরকার প্রতিটি সংসদীয় এলাকায় দুটি করে মডেল স্কুল প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি পুরোনো বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট দূর করতে হবে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়েও একই ধরনের সংকট রয়েছে। আমাদের অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষকসংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন শাখা চালু করা যাচ্ছে না। শূন্য পদগুলো পূরণ করা হলে আরও শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি করা সম্ভব হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার