প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:০০
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ১২টি পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বড়ছড়ায় সংগঠনের কার্যালয়ে সারাদিন উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনার জুনাব আলী জানান, বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় ছিল। এর আগেই বিক্রি হওয়া ৩৭টি মনোনয়নপত্রের সবগুলোই জমা পড়েছে। মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহসভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ—প্রচার সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে একমাত্র প্রার্থী খসরুল আলম এবং প্রচার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মুক্তার আহমেদ রাজু।
কমিশনার জানান, অন্য কেউ মনোনয়নপত্র না কেনায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সব পদে একাধিক প্রার্থী আছেন। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
কমিশনার জুনাব আলী বলেন, গত ১৭—১৮ বছর এই সংগঠনে কোনো নির্বাচন হয়নি। এ সময় তার ভাষ্যমতে, ফ্যাসিস্টরা পছন্দের ব্যবসায়ীদের দিয়ে কমিটি গঠন করে বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন পরিচালনা করেছে। তিনি অভিযোগ করেন, সে সময় আয়—ব্যয়ের কোনো হিসাব ছিল না এবং অর্থ আত্মসাৎ হয়েছে।
তিনি জানান, সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সব সদস্যের সম্মতিতে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন কমিশনার আমাকে করে সহকারী কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও রাকাব উদ্দিনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
পাশাপাশি গঠিত আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি হায়দার। বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম ও ডাক্তার শামসুদ্দিন।
কমিশনার বলেন, শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে, যাতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মতামত দিতে পারেন। নির্বাচনে পেশিশক্তি ও আর্থিক লেনদেন রোধে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, এমন তথ্যপ্রমাণ পেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিক তার প্রার্থিতা বাতিল করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন