সিলেটে উন্নয়ন প্রকল্পের কাজ নি'র্ধা'রি'ত সময়ে শেষ করার নি'র্দে'শ ডিসির

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৪

সংগৃহীত ছবি

সিলেটে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং প্রকল্পের গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। পাশাপাশি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কোম্পানীগঞ্জের সাদাপাথর ও ভোলাগঞ্জ এলাকায় নতুন অবকাঠামো উন্নয়ন, পর্যটন এলাকার দোকানপাটের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অনাবাদি জমি চাষের আওতায় আনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন তিনি।

 

 

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পর্যটন, কৃষি, খাদ্যশস্য সংগ্রহ, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং জরুরি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাদাপাথর পর্যটন স্পটের পাশে বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকাটি পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাট সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্ট থেকে মাসিক পাঁচ হাজার টাকা, কসমেটিকসের দোকান থেকে দুই হাজার টাকা এবং অন্য দোকান থেকে এক হাজার ৫০০ টাকা ভাড়া আদায় করা হবে। আদায়কৃত অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। এর মাধ্যমে পর্যটন এলাকার দোকানপাটের ব্যবস্থাপনা ও পর্যটন উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এদিকে, ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ওই এলাকায় পর্যটন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।

 

 

সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, সিলেট জেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই এ কার্যক্রম শুরু করা হবে।

 

 

কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন যেসব জমি পতিত রয়েছে, সেগুলো কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নিতে বলা হয়।

 

 

এ লক্ষ্যে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে অনাবাদি জমি উৎপাদনমুখী করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায়।

 

 

সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও প্রশাসনিক সমন্বয় জোরদার করতেও সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। সব সরকারি দপ্তরপ্রধানকে দাপ্তরিক ই-মেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেন জেলা প্রশাসক। যেসব দপ্তরে দাপ্তরিক মোবাইল নম্বর নেই, সেসব দপ্তরকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নম্বর সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সভায় আলোচনায় আসে। এ সময় ফায়ার সার্ভিসের জরুরি সেবা সহজলভ্য করতে ১০২ হটলাইন চালুর বিষয়টি তুলে ধরা হয়।

 

 

সভায় জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রকল্পের কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।

 

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সূত্র:কালবেলা .কম
এসএ

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার